রিয়াল মাদ্রিদ ২ :১ রায়ো ভায়েকানো
পয়েন্ট হারিয়ে আরেকটি হতাশাজনক রাতের অপেক্ষায় তখন রিয়াল মাদ্রিদের সমর্থকেরা। একের পর এক চেষ্টা করেও মিলছিল না গোলের দেখা। কিন্তু শেষ মুহূর্তে সব হিসাব বদলে দেয় কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোল। যে গোলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধানে একে নামিয়ে আনল রিয়াল। ২২ ম্যাচে বার্সার পয়েন্ট ৫৫, আর সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৪।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় রিয়াল। তবে পিছিয়ে ছিল না রায়ো ভায়েকানোও। রিয়ালের আক্রমণের জবাব দৃঢ়তার সঙ্গে দেওয়ার চেষ্টা করে তারা। এর মধ্যে চোট নিয়ে জুড বেলিংহাম মাঠ ছাড়লে কিছুটা ধাক্কা খায় রিয়াল। তবে সেই ধাক্কা সামলে ম্যাচের ১৫ মিনিটে একাই সব আলো নিজের দিকে টেনে দেন ভিনিসিয়ুস জুনিয়ার।
দারুণ এক আক্রমণে তিন ডিফেন্ডারের ফাঁদ এগিয়ে দুর্দান্ত এক শটে গোল করেন এই ব্রাজিলিয়ান তারকা। এর ফলে লা লিগায় ৪ অক্টোবরের পর এই প্রথম গোলের দেখা পেলেন ভিনিসিয়ুস, অর্থাৎ ম্যাচের হিসাবে লিগে ১৪ ম্যাচ পর গোলে ফিরলেন ভিনি। পিছিয়ে পড়ে ভায়েকানো অবশ্য চেষ্টা করে ম্যাচে ফেরার। কয়েকবার কাছাকাছিও যায় তারা, কিন্তু মেলেনি কাঙ্ক্ষিত গোলের দেখা।
প্রথমার্ধে না পারলেও দ্বিতীয়ার্ধে গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভায়েকানোকে। ম্যাচের ৪৯ মিনিটে দলীয় আক্রমণ থেকে বক্সের ভেতর বল পেয়ে গোল করেন হোর্হে দে ফুর্তোস। ম্যাচে সমতা ফেরার পর গোলের জন্য আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াল।
পাল্টা জবাব দিয়ে রিয়ালকে চ্যালেঞ্জের ওপর রাখে ভায়েকানোও। এর মধ্যে রিয়ালকে ৬৪ মিনিটে নিশ্চিত গোল খাওয়া থেকে বাঁচিয়ে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। পাল্টা আক্রমণে ওপরে উঠে কোর্তোয়াকে একা পেয়েছিলেন ভায়েকানোর আন্দ্রে রাতিও।
কিন্তু বেলজিয়ান গোলরক্ষককে শেষ পর্যন্ত ফাঁকি দিতে পারেননি এই রোমানিয়ান রাইটব্যাক। ৬৮ মিনিটে একই ঘটনা একটু ভিন্নভাবে ফিরে আসে রিয়ালের জন্য। এবার বক্সের বাইরে চলে আসা ভায়েকানো গোলরক্ষককেও কাটিয়ে ফেলেছিলেন এমবাপ্পে। কিন্তু খালি পোস্টের উদ্দেশে নেওয়া তাঁর শট প্রতিহত হয় ওপরের বারে। নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় রিয়াল। শেষ দিকে গোলের জন্য আরও মরিয়া হয়ে আক্রমণে যায় রিয়াল।
এর মধ্যে ভায়েকানোর পাতে চিস লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা। কিন্তু এরপরও বারবার কাছকাছি গিয়ে হতাশ হতে হচ্ছিল রিয়ালকে। এমনকি রিয়ালকে হতাশ করেছে গোল পোস্টও।
যদিও ম্যাচের সব রোমাঞ্চ জমে ছিল শেষ মুহূর্তের জন্য। যোগ করা সময়ের ৮ মিনিটে রিয়ালকে পেনাল্টি উপহার দেয় ভায়েকানো। আর যোগ করা সময়ের ১০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে ২–১ ব্যবধানে জয় এনে দেন এমবাপ্পে।


0 Comments