Ad Code

#

‘ক্ষমতার পেছনে ছোটে না সে’—শাকিব খানের ‘প্রিন্স’ কী বার্তা দিচ্ছে

 

‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার ফার্স্টলুক মোশন পোস্টারে শাকিব খান
‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার ফার্স্টলুক মোশন পোস্টারে শাকিব খানভিডিও থেকে

হঠাৎ করেই বদলে গেল দৃশ্যপট। আলো-ছায়ার ভেতর থেকে ভেসে উঠল এক রহস্যময় অবয়ব। কালো গাউনে মোড়া, মুখভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে সানগ্লাস। হাতে ধরা ব্যতিক্রমী নকশার বিশাল ‘আগ্নেয়াস্ত্র’। এমন মারকাটারি অ্যাকশন লুকে নতুন সিনেমার ফার্স্টলুক মোশন পোস্টারে হাজির হয়েছেন শাকিব খান।

মাত্র ১৬ সেকেন্ডের এই মোশন লুক প্রকাশ পেয়েছে রোববার সন্ধ্যায়। অল্প সময়েই তা নজর কাড়ে দর্শক-ভক্তদের। কয়েক সেকেন্ডের ঝলকেই স্পষ্ট ইঙ্গিত—নতুন সিনেমায় শাকিব খান হাজির হচ্ছেন এক শক্তিশালী গ্যাংস্টার চরিত্রে। সিনেমার নাম ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’।


মোশন লুকটি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ক্যাপশনে পরিচালক ও কলাকুশলীরা লিখেছেন, ‘সে ক্ষমতার পেছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে।’ এই একটি লাইনেই চরিত্রের দাপট ও গল্পের আবহের ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন দর্শকেরা। প্রকাশের পরপরই মোশন লুকটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই পোস্টটি ভরে ওঠে হাজার হাজার মন্তব্য, শেয়ার ও রিঅ্যাকশনে।


‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার পোস্টার
‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার পোস্টার

শিরিন সুলতানার প্রযোজনায় এবং ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে নির্মিত ‘প্রিন্স’ সিনেমার একটি অংশের শুটিং ইতিমধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় শেষ হয়েছে। বাকি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। সিনেমাটির ট্যাগলাইন-‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’, যা গল্পের প্রেক্ষাপট ও সময়কাল নিয়ে বাড়তি কৌতূহল তৈরি করছে।


এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। আরও আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ একঝাঁক অভিনয়শিল্পী। শুরুতে ‘প্রিন্স’ নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের আলোচিত গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনী অবলম্বনে নির্মিত, এমন গুঞ্জন শোনা গেলেও তা নাকচ করেছেন পরিচালক। তাঁর ভাষ্য, ‘প্রিন্স কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নয়; এটি পুরোপুরি একটি বড় বাজেটের বাণিজ্যিক সিনেমা।’


সাম্প্রতিক ছবিতে শাকিব খান
সাম্প্রতিক ছবিতে শাকিব খান
শিল্পীর ফেসবুক থেকে

ফার্স্টলুক মোশন প্রকাশের পর তৈরি হওয়া উন্মাদনাই বলে দিচ্ছে, ‘প্রিন্স’ নিয়ে প্রত্যাশার পারদ ইতিমধ্যে চড়তে শুরু করেছে। প্রকাশের মাত্র ৩০ মিনিটে ২০ হাজারের বেশি রিঅ্যাকশন, সাড়ে ৩ হাজারের বেশি মন্তব্য, দেড় লক্ষাধিক ভিউ ও হাজারখানেক শেয়ার সেই আগ্রহেরই প্রমাণ। ঈদুল ফিতরে বড় পর্দায় ‘প্রিন্স’ কতটা ছাপ ফেলতে পারে, সেটাই এখন দেখার অপেক্ষা।






বিনোদন থেকে আরও পড়ুন




Post a Comment

0 Comments

Close Menu