ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করে বলেছে, দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের ‘গোপন ঘাঁটি’ এখন তাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু। তাই সে দেশের সাধারণ মানুষকে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বন্দর এলাকা, ডকইয়ার্ড এবং মার্কিন সামরিক ঘাঁটির আশপাশ থেকে দূরে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে হামলা চালানোর পর তারা এই অবস্থান নিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরান তার জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষার অধিকার প্রয়োগ করবে এবং প্রয়োজনে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি, বন্দর, ডকইয়ার্ড ও সেনাদের অবস্থানস্থলকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
আইআরজিসি আরো জানায়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র যেসব স্থান থেকে উৎক্ষেপণ করা হয়েছে—সেসব বন্দর, নৌঘাঁটি ও মার্কিন সেনা অবস্থান তাদের হামলার লক্ষ্য হতে পারে।
এ কারণে তারা সংযুক্ত আরব আমিরাতের সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে যেন তারা বন্দর এলাকা, ডকইয়ার্ড এবং মার্কিন সামরিক ঘাঁটির আশপাশ থেকে দূরে সরে যায়।
এই সতর্কবার্তা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা ক্রমেই বাড়ছে।
0 Comments