Ad Code

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ৬টি জাহাজে হামলা

১৬: ২৫
হামলার পর ইরাকি জলসীমায় জ্বলছে বিদেশি তেলবাহী ট্যাংকার
হামলার পর ইরাকি জলসীমায় জ্বলছে বিদেশি তেলবাহী ট্যাংকার
ছবি: আল–জাজিরার ভিডিও থেকে নেওয়া

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

ইরাকের জলসীমায় তেলের ট্যাংকারে বিস্ফোরকবোঝাই ইরানি বোটের হামলায় গতকাল বুধবার এক ক্রু সদস্য নিহত ও দুটি জাহাজ ভস্মীভূত হয়েছে। বন্দর কর্তৃপক্ষ, সামুদ্রিক নিরাপত্তা ও ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, পারস্য উপসাগরে আরও চারটি জাহাজে প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র বা গোলা) হামলার পরপরই এ ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর সাম্প্রতিকতম এই হামলা ইরান যুদ্ধের এক বড় ধরনের বিস্তার হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে এ অঞ্চলে (মধ্যপ্রাচ্য) হামলার শিকার হওয়া জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১৬টিতে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করার পর থেকে পারস্য উপসাগর ও সংকীর্ণ হরমুজ প্রণালিতে নৌযান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এ রুট দিয়ে পরিবহন করা হয়। এ উত্তেজনার ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ইরানের রেভল্যুশনারি গার্ডস হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্রদের জন্য ‘এক লিটার তেলও’ রপ্তানি করতে দেওয়া হবে না।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি তেল রপ্তানি বন্ধের চেষ্টা করে, তবে ওয়াশিংটন আরও কঠোরভাবে দেশটিতে আঘাত হানবে। তিনি তেল কোম্পানিগুলোকে হরমুজ প্রণালি ব্যবহারের আহ্বান জানিয়ে দাবি করেন, ‘ইরানের নৌবাহিনীর প্রায় সবটাই এখন ধ্বংস হয়ে গেছে।’

ইরাকি বন্দর কর্মকর্তাদের ভাষ্যমতে, গতকাল গভীর রাতে হামলার শিকার হওয়া জাহাজ দুটি হলো মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘সেফ সি বিষ্ণু’ ও মাল্টার পতাকাবাহী ‘জেফিরোস’। জাহাজ দুটি ইরাক থেকে জ্বালানি পণ্য বোঝাই করেছিল।

ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা সোমো জানিয়েছে, ‘সেফ সি বিষ্ণু’ জাহাজটি তাদের সঙ্গে চুক্তিবদ্ধ একটি ইরাকি কোম্পানি ভাড়া করেছিল। আর ‘জেফিরোস’ জাহাজ বসরা গ্যাস কোম্পানির জ্বালানি পণ্য নিয়ে যাচ্ছিল।

সোমো আরও জানিয়েছে, ইরাকি জলসীমার ভেতর এক জাহাজ থেকে অন্য জাহাজে পণ্য স্থানান্তরের সময় দুটি জাহাজই আক্রান্ত হয়।

তথ্যসূত্র: রয়টার্স

১৫: ১৯
বসরার কাছে ইরাকি জলসীমায় থাকা অবস্থায় আগুনে ক্ষতিগ্রস্ত একটি বিদেশি জ্বালানি তেলবাহী ট্যাংকার
বসরার কাছে ইরাকি জলসীমায় থাকা অবস্থায় আগুনে ক্ষতিগ্রস্ত একটি বিদেশি জ্বালানি তেলবাহী ট্যাংকার
ছবি: রয়টার্স

ইরাকে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন তেলের ট্যাংকারে হামলা, ভারতীয় ক্রু নিহত

ইরাকের বসরার কাছে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলায় একজন ভারতীয় ক্রু সদস্য নিহত হয়েছেন। বাগদাদে অবস্থিত ভারতীয় দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস জানিয়েছে, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘সেফ সি বিষ্ণু’ নামের ওই জাহাজে আরও ১৫ জন ভারতীয় ক্রু ছিলেন। তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানায়, তারা উদ্ধারকৃত ভারতীয় নাবিক ও ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে।

তথ্যসূত্র: আল–জাজিরা

১৪: ৪৯
ইতালির পতাকা
ইতালির পতাকা
ফাইল ছবি: রয়টার্স

ইরাকে ইতালির সামরিক ঘাঁটিতে হামলা

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে একটি ইতালীয় সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরবিল শহরে হওয়া এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তাজানি। তবে এ হামলার পেছনে কারা দায়ী, সে বিষয়ে কোনো পক্ষের নাম উল্লেখ করেননি তিনি।

তাজানি জানান, ঘাঁটিতে থাকা সব সেনাসদস্য নিরাপদ রয়েছেন।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

১৪: ৩২
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: এএফপি

ইরান যুদ্ধ নিয়ে বিরোধ: স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে হামলায় নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে বাধা দেওয়ার জেরে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল বুধবার মাদ্রিদের বিরুদ্ধে ন্যাটোর সঙ্গে অসহযোগিতার অভিযোগ তুলে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। আনাদোলু এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ‘আমার মনে হয় তারা (স্পেন) মোটেও সহযোগিতা করছে না। তারা খুবই খারাপ আচরণ করছে, যা মোটেও ভালো নয়। আমরা স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিতে পারি।’

ট্রাম্প আরও বলেন, মাদ্রিদ ন্যাটোর সঙ্গে ‘খুবই খারাপ’ (আচরণ) করছে এবং তারা তাদের ‘ন্যায্য হিস্যা’ দিতে চায় না।

ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির বিষয়ে স্পেনের দীর্ঘদিনের অনীহার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশটি ন্যাটোর সুরক্ষা ভোগ করলেও খরচের ক্ষেত্রে সব সময় পিছিয়ে থাকে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও মাদ্রিদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এসব মন্তব্য এল।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন স্পেন সরকার এ সামরিক অভিযানকে ‘বেপরোয়া ও অবৈধ’ বলে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে অভিযানে দক্ষিণ স্পেনের যৌথ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিতেও অস্বীকৃতি জানিয়েছে তারা।

ন্যাটোর নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিরক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় না করায় স্পেনের সমালোচনা করেন ট্রাম্প। একই সঙ্গে দেশটির ওপর পূর্ণাঙ্গ বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন তিনি।

তবে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস গত মঙ্গলবার জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে তাঁদের সম্পর্ক ‘স্বাভাবিক’ রয়েছে এবং দুই দেশের দূতাবাস নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর

১২: ৫৩
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে বি-১ বোমারু বিমানে জেডিএএম মারণাস্ত্র মজুত করা হচ্ছে
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে বি-১ বোমারু বিমানে জেডিএএম মারণাস্ত্র মজুত করা হচ্ছে
ছবি: রয়টার্সের ভিডিও থেকে নেওয়া

ইরানের ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংসে বি-১ বোমারু বিমান মারণাস্ত্রে সজ্জিত করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে গতকাল বুধবার মার্কিন বিমানবাহিনীর বি-১ বোমারু বিমানে ‘বাংকার বাস্টার’ বোমা মজুত করতে দেখা গেছে। এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে পেন্টাগন হয়তো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণের মতো ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে হামলা চালাতে এ ভারী বিমানগুলো পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

ভিডিওতে দেখা গেছে, আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে অন্তত একটি বি-১ বিমানের অস্ত্র রাখার স্থান থেকে একটি মিসাইল লঞ্চার সরিয়ে নেওয়া হচ্ছে।

বি-১ বোমারু বিমানগুলো আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এগুলো লক্ষ্যবস্তু থেকে শত শত মাইল দূর থেকে নিক্ষেপ করা সম্ভব; যা বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সীমানার বাইরে থাকে। তবে ইরান যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করে রেখেছে, সেই সুসংহত ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংসে ক্রুজ ক্ষেপণাস্ত্র খুব একটা কার্যকর নয়।

যুক্তরাজ্যে বি-১ বোমারু বিমানে যে ‘জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশনস’ (জেডিএএম) মজুত করতে দেখা গেছে, সেগুলো নিক্ষেপের জন্য বিমানকে লক্ষ্যবস্তুর প্রায় ২৫ মাইলের মধ্যে থাকতে হয়। বোমারু বিমানকে লক্ষ্যবস্তুর এত কাছে, বিশেষ করে ইরানের আকাশসীমার অনেক ভেতর নিয়ে যাওয়ার পরিকল্পনাটি একটি বড় সংকেত। এর অর্থ পেন্টাগন আত্মবিশ্বাসী যে তারা ইরানের বিমানবিধ্বংসী সক্ষমতা প্রায় পুরোটাই ধ্বংস করে দিয়েছে।

ফ্লাইটগ্লোবাল ডটকমের ‘ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ২০২৬’ ডেটাবেজ অনুযায়ী, বর্তমানে মার্কিন বিমানবাহিনীর বহরে ৪০টি বি-১ বিমান রয়েছে। ইরানের আকাশে এমন একটি বিমান হারানো যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা হতে পারে।

ঘাঁটির বাইরের পর্যবেক্ষকদের সামনেই প্রকাশ্যে এসব যুদ্ধবিমান সাজানোর মাধ্যমে একটি বার্তাও দেওয়ার চেষ্টা হচ্ছে। আর তা হলো, যুক্তরাষ্ট্রের ভাণ্ডারে থাকা অন্যতম শক্তিশালী অস্ত্রগুলো আসছে এবং তা ঠেকানোর ক্ষমতা ইরানের খুব একটা নেই।

তথ্যসূত্র: সিএনএন

১২: ০৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে হামলায় নিহত সামরিক কমান্ডারদের জানাজা অনুষ্ঠানে যোগ দিয়েছেন এক নারী। তাঁর হাতে থাকা ছবিতে ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পাশে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে দেখা যাচ্ছে। ১১ মার্চ ২০২৬, তেহরান, ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে হামলায় নিহত সামরিক কমান্ডারদের জানাজা অনুষ্ঠানে যোগ দিয়েছেন এক নারী। তাঁর হাতে থাকা ছবিতে ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পাশে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে দেখা যাচ্ছে। ১১ মার্চ ২০২৬, তেহরান, ইরান
ছবি: রয়টার্স

ইরানি নেতৃত্ব ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা প্রায় দুই সপ্তাহের ভয়াবহ বোমাবর্ষণের পরও ইরানের নেতৃত্ব এখনো সুসংহত রয়েছে এবং অদূর ভবিষ্যতে দেশটির শাসনব্যবস্থা ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই।

এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মার্কিন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে একই ধরনের বিশ্লেষণ উঠে এসেছে যে বর্তমানে ইরানি ‘শাসনব্যবস্থা কোনো বিপদে নেই’ এবং ‘ইরানের জনগণের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রয়েছে’।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো মার্কিন গোয়েন্দা সংস্থার এই অনুসন্ধান নিয়ে আলোচনা করেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনের মধ্যে সর্বশেষ এই গোয়েন্দা প্রতিবেদনটি সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রথম দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেও দেশটির ধর্মীয় নেতৃত্বের মধ্যে যে সংহতি রয়েছে, এ প্রতিবেদনে সেটিই ফুটে উঠেছে।

ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, রুদ্ধদ্বার বৈঠকে ইসরায়েলি কর্মকর্তারাও স্বীকার করেছেন যে এ যুদ্ধের ফলে ইরানের ধর্মীয় সরকারের পতন ঘটবে—এমন কোনো নিশ্চয়তা নেই।

তবে সূত্রগুলো জোর দিয়ে বলেছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পরিবর্তনশীল এবং ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স’ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এ ছাড়া হোয়াইট হাউসের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

১০: ৪৯

সন্দেহভাজন ইরানি ‘সুইসাইড বোট’–এর হামলায় জ্বালানি ট্যাংকারে আগুন: ভিডিও

১০: ২৪
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ছবি: রয়টার্স

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলা তাঁর দেশের যুদ্ধ বন্ধে তিনটি শর্ত দিয়েছেন।

শর্তগুলো হলো, তেহরানের ন্যায্য অধিকারের স্বীকৃতি প্রদান, যুদ্ধের ক্ষয়ক্ষতি পূরণ (ক্ষতিপূরণ প্রদান) এবং ভবিষ্যতে আর কোনো হামলা হবে না—আন্তর্জাতিক মহল থেকে এমন দৃঢ় নিশ্চয়তা প্রদান।

তথ্যসূত্র: আল–জাজিরা

১০: ০০
জ্বালানি তেল
জ্বালানি তেল
প্রতীকী ছবি

ইরানের নতুন দফা হামলা: তেলের দাম আবারও ১০০ ডলার ছাড়াল 

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার (১২ হাজার ২৯৫ টাকা) ছাড়িয়েছে। আজ বৃহস্পতিবার তেলের দাম এক লাফে ৯ শতাংশের বেশি বেড়েছে।

মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামোতে ইরানের নতুন করে হামলার প্রভাবে তেলের বাজারে এ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) রেকর্ড পরিমাণ মজুত ছাড়ার ঘোষণা দিলেও তেলের দামের এই উল্লম্ফন ঠেকানো যায়নি।

আরও পড়ুন .....





মধ্যপ্রাচ্য থেকে আরও পড়ুন










Post a Comment

0 Comments

Close Menu