Ad Code

#

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে খেলবে না ভারতের বিপক্ষে ম্যাচ

 

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে খেলবে না ভারতের বিপক্ষে ম্যাচ

২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি তারা বয়কট করবে।

আজ পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের সরকার আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে।’ একই সঙ্গে বিবৃতিতে যোগ করা হয়, ‘…তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’

পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলের বিবৃতি উল্লেখ করে খবরটি প্রকাশ করেছে ডন ও জিও নিউজসহ একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যমও।


বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে, এ রকম গুঞ্জন গত কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল পাকিস্তানের সংবাদমাধ্যমে। খোদ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন, টি–টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে দেওয়া না হলে পাকিস্তান দলও টুর্নামেন্ট বর্জন করবে কি না, এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর কথাও বলেছিলেন তিনি।

এরপর গত ৩০ জানুয়ারি  পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনার পর নাকভি বলেছিলেন,  ‘প্রধানমন্ত্রী মিয়াঁ মুহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। তাঁকে আইসিসি সম্পর্কিত বিষয়টি অবহিত করা হয়েছে, এবং তিনি নির্দেশ দিয়েছেন যেন আমরা সমস্ত বিকল্প খোলা রেখেই এটি সমাধান করি।’


পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে মহসিন নাকভি। পিসিবি চেয়ারম্যান নিজের এক্স হ্যান্ডলে ছবিটি পোস্ট করেন
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে মহসিন নাকভি। পিসিবি চেয়ারম্যান নিজের এক্স হ্যান্ডলে ছবিটি পোস্ট করেন
মহসিন নাকভির এক্স হ্যান্ডল

পিসিবি অবশ্য নির্ধারিত সময়ের মধ্যেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছিল। গুঞ্জন ছিল, পাকিস্তান হয়তো পুরো টুর্নামেন্ট বয়কট না করে শুধু ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করবে। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। কয়েকদিন ধরে নানা জল্পনা-কল্পনার পর শেষ পর্যন্ত আজ ভারত-ম্যাচ বয়কটের নাটকীয় সিদ্ধান্ত জানাল পাকিস্তান। কেন ভারতের বিপক্ষে খেলতে আপত্তি, সে বিষয়ে পিসিবি এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি। তবে কারণটা সবার জানাই। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তারা যে কঠিন কোনো সিদ্ধান্ত নেবে, সেই আভাস আগেই দিয়েছিল পিসিবি।


এবারের বিশ্বকাপে পাকিস্তান আছে ‘এ’ গ্রুপে। যেখানে ভারত ছাড়াও তাদের সঙ্গী নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কার মাঠেই পাকিস্তানের সব ম্যাচ হওয়ার কথা। ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। ১০ ফেব্রুয়ারি খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, ১৮ ফেব্রুয়ারি প্রতিপক্ষ নামিবিয়াক। ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচটি বয়কট করলে পাকিস্তান সরাসরি ২ পয়েন্ট হারাবে।


পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি
এএফপি

আইসিসির নিয়ম অনুযায়ী, এই ম্যাচ ছেড়ে দিলে পাকিস্তানের ‘নেট রান রেট’-এ বড় নেতিবাচক প্রভাব পড়বে। আইসিসির প্লেয়িং কন্ডিশনের ধারা ১৬.১০.৭ অনুযায়ী, কোনো দল ম্যাচ বর্জন করলে নেট রান রেট হিসাবের সময় ধরে নেওয়া হবে যে সেই দল পুরো ২০ ওভারই খেলেছে। তবে ভারতের নেট রান রেট এতে প্রভাবিত হবে না।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সিদ্ধান্তে কোনো প্রতিক্রিয়া জানায়নি বিসিসিআই বা আইসিসি।






ক্রিকেট থেকে আরও পড়ুন



Post a Comment

0 Comments

Close Menu