Ad Code

ক্যানসার ফিরে আসার আশঙ্কা, কান্নায় ভেঙে পড়লেন দীপিকা কাকর

 

দীপিকা কাকর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
দীপিকা কাকর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

বিয়ের অষ্টম বার্ষিকী দরজায় কড়া নাড়ছে। অথচ আনন্দের বদলে ঘিরে ধরেছে উৎকণ্ঠা। আবারও লিভারে সিস্ট—ক্যানসার ফিরে আসার আশঙ্কা। কান্নায় ভেঙে পড়ে নিজের লড়াইয়ের কথা জানালেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকর।
গত বছরের মে মাসে দীপিকা কাকরের দ্বিতীয় পর্যায়ের লিভার ক্যানসার ধরা পড়ে। অস্ত্রোপচার ও থেরাপির মধ্য দিয়ে চিকিৎসা চলছিল। কিছুটা স্বস্তিও ফিরেছিল পরিবারে। কিন্তু সম্প্রতি লিভারে ১ দশমিক ৩ সেন্টিমিটারের একটি নতুন সিস্ট ধরা পড়েছে। স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিম প্রথমে নিজের ভ্লগে বিষয়টি জানান। পরে দীপিকাও আবেগঘন কণ্ঠে কথা বলেন তাঁর ইউটিউব ভ্লগে।


দীপিকা বলেন, ‘শোয়েবের ভ্লগে নিশ্চয়ই দেখেছেন, আমার লিভারে আবার ১ দশমিক ৩ সেন্টিমিটারের একটি সিস্ট পাওয়া গেছে। দুই দিন ধরে প্রচণ্ড ব্যথা ছিল, কাঁধেও আগের মতো ব্যথা হচ্ছিল। আমরা ভয় পেয়ে দ্রুত ডা. সোমনাথের সঙ্গে দেখা করেছি। এটা আমার জন্য খুব কঠিন দিন। আমার এবং ক্যানসারের সঙ্গে লড়াই করা সবার জন্য দোয়া করবেন।’

চিকিৎসকেরা এখনো নিশ্চিত নন সিস্টটি ম্যালিগন্যান্ট কি না। তবে কোনো ঝুঁকি নিতে চান না তাঁরা। আগের মতোই গুরুত্ব দিয়ে চিকিৎসা শুরু করা হচ্ছে। চলতি সপ্তাহেই একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাঁকে।


স্বামী ও সন্তানের সঙ্গে দীপিকা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
স্বামী ও সন্তানের সঙ্গে দীপিকা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

আর কিছুদিনের মধ্যেই দীপিকা ও শোয়েবের বিবাহবার্ষিকী। কিন্তু এমন সময়েই নতুন করে অসুস্থতার খবর তাঁদের মানসিকভাবে নাড়া দিয়েছে। দীপিকা বলেন, ‘বিবাহবার্ষিকীর আগে এমন খবর পাওয়া খুব কষ্টের। মনে হয়, সবকিছু ঠিকঠাক এগোচ্ছিল, হঠাৎ আবার শুরু হলো লড়াই।’
২০১৮ সালে বিয়ে করেন দীপিকা ও শোয়েব। তাঁদের একমাত্র ছেলে রুহান। ছেলেকে নিয়েই এখন তাঁর সবচেয়ে বেশি দুশ্চিন্তা। ‘মায়ের অসুস্থতা সন্তান কীভাবে নেয়—এ ভাবনা বারবার মনে আসে,’ বলেন শোয়েব।


দীপিকা কাকর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
দীপিকা কাকর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

দীপিকা কাকর টেলিভিশন দর্শকদের কাছে পরিচিত মুখ। দীর্ঘদিনের ক্যারিয়ারে জনপ্রিয়তা, সাফল্য—সবই পেয়েছেন। কিন্তু গত এক বছরে তাঁর জীবন বদলে গেছে চিকিৎসাকেন্দ্রিক বাস্তবতায়। অস্ত্রোপচার, কেমো-পরবর্তী ক্লান্তি, থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া—সবকিছু সয়ে এগোচ্ছেন তিনি।

দীপিকা কাকরের ভ্লগে দর্শকেরা দেখেছেন, কীভাবে ধীরে ধীরে চুল পড়া, শারীরিক দুর্বলতা, মানসিক চাপের মধ্যেও ইতিবাচক থাকার চেষ্টা করছেন এই অভিনেত্রী। তবু ক্যানসারের ক্ষেত্রে পুনরাবৃত্তির আশঙ্কা সব সময়ই থাকে—এ কথাও খোলাখুলিভাবে স্বীকার করেছেন তিনি।

নতুন খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনার বার্তা ভেসে আসছে। সহশিল্পী থেকে ভক্ত—অনেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। দীপিকার কথায়, ‘আমি জানি, এই পথটা সহজ নয়। কিন্তু বিশ্বাস রাখছি, আবারও সুস্থ হয়ে ফিরব।’







বলিউড থেকে আরও পড়ুন

Post a Comment

0 Comments

Close Menu