ফেনী-২ (সদর) আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য কিছু কুচক্রী ষড়যন্ত্র করছে। প্রশাসনকে এ ব্যাপারে শক্ত অবস্থান নিতে হবে।
আজ শনিবার দুপুরে ফেনীতে নির্বাচনী ক্যারাভানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় এমন বক্তব্য দেন তিনি। শহরের খাজুরিয়া এলাকায় মঞ্জুর প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে ঈগল প্রতীকের প্রচারের এই ডিজিটাল ক্যারাভান উদ্বোধন করা হয়। ফিতা কেটে নির্বাচনী ডিজিটাল প্রচারণার ‘ক্যারাভান’ উদ্বোধনের পর মঞ্জু বলেন, ‘ডিজিটাল ক্যারাভান প্রচারে নতুন মাত্রা তৈরি করবে বলে আশা করছি।’ অনুষ্ঠানে অতিথি ছিলেন জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুল মালেক, সদস্যসচিব আ ন ম আবদুর রহিম, এনসিপির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, মনসুর আবদুল্লাহ, জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্যসচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক, ছাত্রশিবির শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলামসহ ১১–দলীয় জোটের নেতারা।
এবি পার্টি ফেনীর প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব উল্যাহ মিয়াজী জানান, নির্বাচনী প্রচারের নির্ধারিত সময়ের মধ্যে ক্যারাভানে করে ঈগল প্রতীকের প্রচার চালানো হবে; যা প্রচারের শেষ দিন পর্যন্ত চলমান থাকবে।

0 Comments