Ad Code

ইরানের পক্ষে যেকোনো সময় যুদ্ধে নামতে প্রস্তুত: ইয়েমেনের হুতিদের ঘোষণা

ইয়েমেনের রাজধানী সানায় গাড়িতে হুতি যোদ্ধারা
ইয়েমেনের রাজধানী সানায় গাড়িতে হুতি যোদ্ধারা
ফাইল ছবি: রয়টার্স

ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠীর ঘোষণা, ইরানের পক্ষে যেকোনো সময় যুদ্ধে নামতে প্রস্তুত

ইরানের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। প্রয়োজন হলে যেকোনো সময় যুদ্ধ শুরু করার সামরিক প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছে এই গোষ্ঠী।

নাম প্রকাশ না করার শর্তে হুতির একজন নেতা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা সামরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। সব ধরনের বিকল্পসহ প্রস্তুত আছি আমরা।’ তিনি বলেন, ‘এখন পর্যন্ত ইরান ভালো করছে এবং শত্রুকে প্রতিদিন পরাজিত করছে। যদি এর বিপরীত কিছু ঘটে, আমরা বিষয়টি বুঝতে পারবো।’

হুতির ওই নেতা আরও বলেন, তাঁরা পুরো পরিস্থিত পর্যবেক্ষণ করছেন। কখন এগিয়ে যাওয়ার উপযুক্ত সময় সেটা সহজেই বুঝতে পারবেন।

হুতি গোষ্ঠী এ যুদ্ধে যুক্ত হলে একটি নতুন ফ্রন্ট খুলে যাবে। হুতিদের সুস্পষ্ট লক্ষ্য হবে ইয়েমেনের উপকূলের বাইরের বাব আল-মান্দেব প্রণালি। এই প্রণালি হয়ে সুয়েজ খালের দিকে সমুদ্রযান চলাচল করে। তখন হরমুজ প্রণালির পর আরেকটি জলপথেও হয়তো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে ইরান। সেটা হলে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি আরও অস্থির হবে।

এর আগেও বিভিন্ন সময়ে হুতি গোষ্ঠী ওই জলপথে ট্যাংক ও জাহাজে হামলা চালিয়েছে।

সূত্র: আল–জাজিরা।

১৯: ২৮
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ফাইল ছবি: রয়টার্স

আইআরজিসির নৌপ্রধানকে হত্যা মার্কিন–ইসরায়েল সহযোগিতার আরেকটি উদাহরণ: নেতানিয়াহু

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌপ্রধান আলিরেজা তাংসিরিকে হত্যা করা হয়েছে জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাংসিরিকে হত্যা করা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘সহযোগিতার আরেকটি উদাহরণ’।

হিব্রু ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু এ কথা বলেন। তিনি বলেন, ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষমন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেন, ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে আলিরেজা তাংসিরিকে হত্যা করেছে। তাংসিরি হরমুজ প্রণালিতে অচলবস্থা সৃষ্টি করা ও সেখানে মাইন পেতে রাখায় মূল ভূমিকা পালন করেন বলে উল্লেখ করেন কাৎজ।

ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর সরকারের প্রতিরক্ষামন্ত্রীর এসব বক্তব্যকে সমর্থন করেন।

সূত্র: বিবিসি।

১৯: ০৫
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
ফাইল ছবি: এএফপি

ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের ‘হিট লিস্ট’ থেকে বাদ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফকে হত্যার তালিকা বা ‘হিট লিস্ট’ থেকে সরিয়ে নিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের এক বিশেষ অনুরোধের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনার বিষয়ে অবগত পাকিস্তানের একটি সূত্র আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত পড়ুন

১৮: ৪৪

৮০ বছরের মধ্যে বিশ্ব বাণিজ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়: ডব্লিউটিও

বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা ৮০ বছরে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) প্রধান এনগোজি ওকোনজো-ইওয়েল্লা। ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ডাব্লিউটিও প্রধান বলেন, ‘আজকের বিশ্বে যে সমস্যাগুলো মোকাবিলা করছি তার ব্যাপকতা আমরা অস্বীকার করতে পারি না।’

উল্লেখ্য, ইরানে চলমান মার্কিন–ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দিয়েছে তেহরান। এই পথ দিয়ে বৈশ্বিক জ্বালানির প্রায় ২০ শতাংশ সরবরাহ করা হয়ে থাকে। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে।

সূত্র: আল–জাজিরা

১৮: ১৮
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

আবার ট্রাম্পের হুমকি, ‘বেশি দেরি হওয়ার আগে’ আলোচনায় আসুক ইরান

ইরানকে আলোচনায় ফিরতে আবার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘বেশি দেরি হওয়ার আগে’ যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হোক।

ট্রাম্পের এই হুমকি এমন সময়ে এল, যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌপ্রধান আলিরেজা তাংসিরিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

মার্কিন প্রেসিডেন্ট আজ সামাজিক মাধ্যমে বলেন, ‘বেশি দেরি হয়ে যাওয়ার আগেই বিষয়টি (আলোচনা) গুরুত্বের সঙ্গে নিতে হবে তাদের (ইরান)। কারণ একবার এটি ঘটলে, ফেরার কোনো পথ নেই এবং এটি ভালো দেখাবে না!’ তিনি দাবি করেন, ইরান ‘সামরিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেখান থেকে ফেরার কোনো সুযোগ নেই’।

সূত্র: এএফপি।

১৭: ৩৫

ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১,৯৩৭

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৩৭ জনে দাঁড়িয়েছে।

ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান আল–জাজিরাকে জানিয়েছেন, যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে ২৪০ জন নারী এবং ২১২ জন শিশু।

উপস্বাস্থ্যমন্ত্রী জানান, যুদ্ধে এ পর্যন্ত ২৪ হাজার ৮০০ এরও বেশি মানুষ আহত হয়েছে। যার মধ্যে প্রায় ৪ হাজার নারী এবং ১ হাজার ৬২১টি শিশু রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

সূত্র: আল–জাজিরা।

আরও পড়ুন

ইরান আমাকে সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল, আমি না বলে দিয়েছি: ট্রাম্প

ইরান আমাকে সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল, আমি না বলে দিয়েছি: ট্রাম্প
১৭: ২৫
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
ফাইল ছবি: রয়টার্স

রাশিয়া ইরানে ড্রোন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে না: ক্রেমলিন

রাশিয়া ইরানের জন্য ড্রোন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে না বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

এই বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে পেসকভ বলেন, ‘গণমাধ্যমে এত বেশি মিথ্যা রটানো হচ্ছে... তাদের প্রতি মনোযোগ দেবেন না।’

রাশিয়ার সঙ্গে ইরানের ‘কৌশলগত অংশীদারত্ব চুক্তি’ রয়েছে। ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে আসছে রাশিয়া। তবে অস্ত্র বা সামরিক সরঞ্জাম দিয়ে তেহরানকে সহযোগিতার কথা প্রকাশ্যে আসেনি। যদিও এমন আলোচনা আছে যে, রাশিয়া গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সহযোগিতা করছে।

যদিও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা দিয়েছে ইরান। বিশেষ করে ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন দিয়ে মস্কোকে তেহরানের সহযোগিতার বিষয়টি বেশ আলোচিত।

সূত্র: আল–জাজিরা।

আরও পড়ুন

হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান

হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান
১৭: ০৮
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
ফাইল ছবি: এএফপি

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান

চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাকিস্তান। এই প্রক্রিয়ায় তুরস্ক, মিসরসহ আরও কয়েকটি দেশ যুক্ত রয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, মধ্যস্থতার প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান–প্রদান করছে পাকিস্তান।

সূত্র: আল–জাজিরা।

১৬: ৩৪
আইআরজিসির নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরি
আইআরজিসির নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরি
ছবি: তাসনিম নিউজ এজেন্সি

আইআরজিসির নৌপ্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেন, ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরিকে হত্যা করেছে।

কাৎজের দাবি, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া ও গুরুত্বপূর্ণ এই জলপথে মাইন স্থাপন করায় মূল ভূমিকায় ছিলেন আলিরেজা তাংসিরি।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র: আল–জাজিরা।

১৫: ৫১
ইসরায়েলের একটি পারমাণবিক স্থাপনার দৃশ্য। স্যাটেলাইটে তোলা
ইসরায়েলের একটি পারমাণবিক স্থাপনার দৃশ্য। স্যাটেলাইটে তোলা
ছবি: এপির ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট

ইসরায়েলের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযানের ‘৮২তম ধাপ’ শুরু করেছে।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসি’র পক্ষ থেকে বলা হয়, আজ বৃহস্পতিবার ভোরে এই সর্বশেষ ধাপের অভিযান শুরু হয়েছে। এ অভিযানে বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে। হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র ও মৃত সাগরের দক্ষিণে অবস্থিত দেশটির পারমাণবিক অবকাঠামো সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলো।

তথ্যসূত্র: আল–জাজিরা

১৫: ১০
ইরাকে অবস্থানরত মার্কিন সেনা
ইরাকে অবস্থানরত মার্কিন সেনা
ফাইল ছবি: রয়টার্স

মার্কিনদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস দেশটিতে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য একটি নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

সতর্কবার্তায় দাবি করা হয়েছে, ইরাকের বিভিন্ন প্রান্তে থাকা মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে সশস্ত্র গোষ্ঠীগুলো ‘ব্যাপক’ হামলা চালিয়েছে। এমনকি ইরাকের কুর্দিস্তান অঞ্চলেও এসব হামলা হয়েছে।

ইরাকের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দূতাবাস মার্কিনদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নাগরিকদের বাগদাদে অবস্থিত দূতাবাস কিংবা ইরবিলে অবস্থিত কনস্যুলেট জেনারেলে না যাওয়ার জন্যও অনুরোধ করছে।

দূতাবাস জানিয়েছে, ইরাক বর্তমানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিতে রয়েছে।

তথ্যসূত্র: ডন

১৪: ৩৪
তুর্কি ট্যাংকার এম/টি আলতুরা ১০ লাখ ব্যারেল তেল নিয়ে বসফরাস প্রণালির কাছে ড্রোন হামলার শিকার হয়েছে
তুর্কি ট্যাংকার এম/টি আলতুরা ১০ লাখ ব্যারেল তেল নিয়ে বসফরাস প্রণালির কাছে ড্রোন হামলার শিকার হয়েছে
ছবি: সামাজিক যোগাযোগের মাধ্যম

কৃষ্ণসাগরে তুরস্কের তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা, দায় স্বীকার করেনি কেউ

তুরস্কের পরিবহনমন্ত্রী আবদুল কাদির উরালুগ্লু জানিয়েছেন, কৃষ্ণসাগরে তুরস্কের পরিচালিত একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা হয়েছে। হামলার সময় জাহাজটিতে তুরস্কের ২৭ জন নাবিক ছিলেন।

তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তুরস্কের আরেক সংবাদমাধ্যম এনটিভি জানিয়েছে, জাহাজটির মালিক তুরস্কের প্রতিষ্ঠান ‘বেসিকতাস’। তবে এটি সিয়েরা লিওনের পতাকাবাহী। জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণ করে সংবাদমাধ্যমটি আরও জানায়, ট্যাংকারটি রাশিয়ার নভোরোসিস্ক বন্দর থেকে প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে রওনা হয়েছিল।

আবদুল কাদির উরালুগ্লু বলেন, ‘আমাদের ধারণা, জাহাজের ইঞ্জিন রুম লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। হামলাটি আকাশ থেকে ড্রোনের মাধ্যমে নয়, বরং একটি চালকবিহীন নৌযান (আনম্যানড সারফেস ভেহিকল) দিয়ে করা হয়েছে।’

ট্যাংকারটির ওপর হামলা তুরস্কের জলসীমায় হয়েছে কি না, তা মন্ত্রী নির্দিষ্ট করে জানাননি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বসফরাস প্রণালি থেকে ৩০ কিলোমিটারের কম দূরত্বে এই হামলা হয়েছে।

উরালুগ্লু আরও বলেন, ‘এটি বাইরে থেকে ঘটানো কোনো বিস্ফোরণ বলে মনে হচ্ছে। বিশেষ করে জাহাজের ইঞ্জিন রুম লক্ষ্য করে এ হামলা করা হয়েছে, যাতে জাহাজটি পুরোপুরি অচল হয়ে পড়ে।’

ঘটনাস্থলে প্রয়োজনীয় ইউনিট পাঠানো হয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তুর্কি পরিবহনমন্ত্রী।

দায় স্বীকার করেনি কেউ

তুর্কি সংবাদপত্র ‘ইয়েনি শাফাক’ জানায়, এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। কৃষ্ণসাগর দিয়ে সাধারণত জ্বালানি তেল ও শস্যের জাহাজ চলাচল করে। গুরুত্বপূর্ণ এ নৌপথে এমন হামলার ঘটনায় সমুদ্রপথে পণ্য পরিবহনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

আঞ্চলিক পরিস্থিতি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধ এখন পঞ্চম সপ্তাহে গড়িয়েছে। এ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যজুড়ে হামলা চলছে এবং হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই কৃষ্ণসাগরে এই হামলার ঘটনা ঘটল।

তবে কৃষ্ণসাগরের এ ঘটনাটি ইঙ্গিত দিচ্ছে যে সম্ভাব্য হামলার আওতা এখন ভৌগোলিকভাবে আরও ছড়িয়ে পড়ছে। তুরস্ক এই সংঘাত কমাতে শুরু থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আকাশসীমা রক্ষায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে আসছেন।

তথ্যসূত্র: আল–জাজিরা ও এএফপি

১২: ৪৪
ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের মধ্যে তেহরানে হামলায় ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবনের দৃশ্য। ২৩ মার্চ, ২০২৬
ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের মধ্যে তেহরানে হামলায় ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবনের দৃশ্য। ২৩ মার্চ, ২০২৬
ছবি: রয়টার্স

‘যুদ্ধবিরতি প্রস্তাব’ পর্যালোচনার কথা জানাল ইরান, তবে আলোচনার সম্ভাবনা নাকচ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রায় চার সপ্তাহ ধরে চলা যুদ্ধ বন্ধ করতে ইরান এখন একটি চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে। তবে তাঁর এ দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব পর্যালোচনা করছে ঠিকই, কিন্তু সংঘাত নিরসনে কোনো আলোচনায় বসার ইচ্ছা তাঁদের নেই।

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, এর অর্থনৈতিক ও মানবিক সংকটও তত বাড়ছে। বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকট ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশ ও কোম্পানি পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। এমন এক সময়ে দুই দেশের পক্ষ থেকে এসব পাল্টাপাল্টি বক্তব্য এল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো সংলাপ বা আলোচনা হয়নি। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিভিন্ন বার্তা আদান-প্রদান করা হয়েছে।

গতকাল বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘বন্ধুপ্রতিম দেশগুলোর মাধ্যমে আমাদের কাছে আসা বার্তার উত্তর দেওয়া কিংবা নিজেদের অবস্থান জানানোকে সংলাপ বা আলোচনা বলা যায় না।’

আরও পড়ুন

যুদ্ধ বন্ধে পাকিস্তানে ইরানের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধে পাকিস্তানে ইরানের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

এর কিছুক্ষণ পরই ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘ইরানের নেতারা প্রকৃতপক্ষে আলোচনা করছেন এবং তাঁরা একটি চুক্তি করতে খুবই মরিয়া। কিন্তু তাঁরা সেটা বলতে ভয় পাচ্ছেন। কারণ নিজ দেশের মানুষ তাঁদের মেরে ফেলতে পারে। আবার আমাদের হাতে মারা পড়ার ভয়ও তাঁদের আছে।’

অবশ্য ট্রাম্প এটা স্পষ্ট করেননি যে ইরানে কার সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। তাঁদের মধ্যে অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন। হামলার জবাবে ইরানও ইসরায়েল, মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটি ও যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র দেশগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

ইরানের নিচু উচ্চতার ড্রোন-ক্ষেপণাস্ত্রে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী  

ইরানের নিচু উচ্চতার ড্রোন-ক্ষেপণাস্ত্রে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী  

যুদ্ধের প্রথম দিনই ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তাঁর জায়গায় দায়িত্ব নেন ছেলে মোজতবা খামেনি। তিনিও হামলায় আহত হয়েছেন বলে জানা গেছে। দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তাঁর কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি।

তথ্যসূত্র: রয়টার্স

১২: ১২

হরমুজ প্রণালিতে ইরানের নৌ–মহড়ার দৃশ্য

হরমুজ প্রণালিতে ইরানের নৌবাহিনীর মহড়া। ১৭ ফেব্রুয়ারি ২০২৬
হরমুজ প্রণালিতে ইরানের নৌবাহিনীর মহড়া। ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: এএফপি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অফিশিয়াল ওয়েবসাইট সেপানিউজের প্রকাশ করা ছবিতে দেখা যাচ্ছে, হরমুজ প্রণালিতে আইআরজিসি ও ইরানি নৌবাহিনীর যৌথ সামরিক মহড়ার সময় একটি `দ্রুতগামী আক্রমণকারী' নৌযান থেকে রকেট ছোড়া হচ্ছে।

তথ্যসূত্র: গালফ নিউজ

১১: ১৬
তেল আবিবে ইসরায়েলের সেনা সদর দপ্তর
তেল আবিবে ইসরায়েলের সেনা সদর দপ্তর
ছবি: আল–জাজিরার এক্স পোস্ট থেকে নেওয়া স্ক্রিনশট

ইসরায়েলের সেনা সদর দপ্তরে হিজবুল্লাহর ‘ক্ষেপণাস্ত্র হামলা’, দক্ষিণ লেবাননে দুপক্ষের মধ্যে লড়াই

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা বেশ কিছু বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে মধ্য তেল আবিবের কিরিয়া এলাকায় অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এছাড়া তেল আবিবের উত্তরে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।

স্থানীয় সময় গতকাল বুধবার দিবাগত রাতে এ হামলা চালানো হয় বলে হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে।

কিরিয়া এলাকাটি ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরের পাশাপাশি সরকারের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।

হিজবুল্লাহর এ হামলার দাবির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধাদের লড়াই চলছে। ইসরায়েলও জানিয়েছে, গতকাল সেখানে তাদের আরও এক সেনা ‘গুরুতর আহত’ হয়েছেন।

তথ্যসূত্র: আল–জাজিরা

১০: ৩৯
ইরাকের আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে মার্কিন সেনাদের সামরিক যান দেখা যাচ্ছে
ইরাকের আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে মার্কিন সেনাদের সামরিক যান দেখা যাচ্ছে
ফাইল ছবি: রয়টার্স

ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে এক দিনে ২৩ বার হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করেছে, তাদের যোদ্ধারা গত এক দিনে ইরাক ও এ অঞ্চলের বিভিন্ন স্থানে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ২৩টি অভিযান চালিয়েছে।

এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, এসব হামলায় তারা কয়েক ডজন ড্রোন ব্যবহার করেছে।

তথ্যসূত্র: আল–জাজিরা

১০: ১৬

লেবাননে ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ভবন

লেবাননের নাবাতিয়েহ এলাকায় গতকাল বুধবার ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন একজন স্বাস্থ্যকর্মী
লেবাননের নাবাতিয়েহ এলাকায় গতকাল বুধবার ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন একজন স্বাস্থ্যকর্মী
ছবি: রয়টার্স
১০: ০০
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠছে
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠছে
ছবি: আল–জাজিরার ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট

২৪ ঘণ্টা পরও কুয়েত বিমানবন্দরে আগুন জ্বলছে, বাহরাইন আমিরাত ও সৌদি আরবে ইরানের আরও হামলা

প্রায় ২৪ ঘণ্টা আগে ইরানের ছোড়া দুটি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে আঘাত করে। আজ বৃহস্পতিবার রাতেও (গতকাল বুধবার দিবাগত রাত) কর্তৃপক্ষ সেই আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

বিশ্লেষকেরা বলছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে যখন মাত্র একটি বা দুটি ড্রোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়, তখন ক্ষয়ক্ষতির পরিমাণ হয় ভয়াবহ।

এদিকে, গত কয়েক ঘণ্টায় বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) জিসিসিভুক্ত দেশগুলোতেও ইরানের হামলা চালানোর খবর পাওয়া গেছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মুহাররাক এলাকার একটি স্থাপনায় লাগা আগুন সিভিল ডিফেন্সের কর্মীরা নিভিয়ে ফেলেছেন। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংযুক্ত আরব আমিরাতেও বিপদ সংকেত বা সাইরেন বেজেছে। অন্যদিকে, সৌদি আরব জানিয়েছে, তারা তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে ১০টির বেশি ড্রোন হামলা প্রতিহত করেছে। দেশটির অধিকাংশ তেল স্থাপনা এ এলাকাতেই অবস্থিত।

তথ্যসূত্র: আল–জাজিরা

০৮: ৪৯
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি
ছবি: রয়টার্স

হার মানতে বলল যুক্তরাষ্ট্র, লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ইরানের

যুক্তরাষ্ট্র ইরানকে হুঁশিয়ার করে বলেছে, তারা যেন পরাজয় মেনে নেয়। অন্যথায় দেশটিকে আগের চেয়ে অনেক বেশি ‘কঠোর আঘাত’ সহ্য করতে হবে।

এদিকে তেহরান আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

তথ্যসূত্র: আল–জাজিরা

০৬: ৩৫

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে তারা বলতে ভয় পাচ্ছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইরান একটি চুক্তি করতে খুবই আগ্রহী বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার তিনি বলেছেন, আগ্রহ থাকলেও তেহরান এই চুক্তির কথা বলতে ভয় পাচ্ছে। কারণ, তারা মনে করছে, তাদের হত্যা করা হতে পারে।

ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির তহবিল সংগ্রহের নৈশভোজে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমরা যা করছি, তা আগে কখনো কেউ দেখেনি। তারা আসলে আলোচনা করছে এবং চুক্তি করতে খুবই আগ্রহী। কিন্তু তারা বলতে ভয় পাচ্ছে। কারণ, তারা মনে করছে নিজেদের লোকদের হাতে মারা যাবে। আমাদের হাতে মারা যাওয়া ভয়ও পাচ্ছে।’

এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল যে ইরানের সঙ্গে আলোচনা এখনো শেষ হয়নি, যদিও যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাব তাৎক্ষণিকভাবে গ্রহণ করেনি তেহরান। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ট্রাম্প সরকার পাকিস্তানে একটি বৈঠক আয়োজনের চেষ্টা করছে। সেখানে যুদ্ধ শেষ করার জন্য বিকল্প পথ নিয়ে আলোচনা করা হবে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্বীকার করেছেন যে যুদ্ধ বন্ধের বিষয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বার্তা আদান-প্রদান হয়েছে। তবে এই বার্তা বিনিময় কোনো ‘আলোচনা’ নয় বলেও উল্লেখ করেছেন তিনি।

তথ্যসূত্র: সিএনএন 











Post a Comment

0 Comments

Close Menu