Ad Code

কুর্দিরা ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে ধ্বংস করে দেওয়া হবে: আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস
ফাইল ছবি: এএফপি

 ১৩: ৪৩

কুর্দিরা ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে ধ্বংস করে দেওয়া হবে: আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা আজ শনিবার সকালে ইরাকের কুর্দি–অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে কুর্দিদের তিনটি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তাসনিম বার্তা সংস্থায় প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, যদি এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরানের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে তাঁদের ধ্বংস করে দেওয়া হবে।

তথ্যসূত্র: আল জাজিরা

১৩: ০৬

মার্কিন–ইসরায়েলি হামলায় রক্তিম তেহরানের আকাশ: সামাজিক মাধ্যমে ভিডিও

ইরানের আকাশে বিশাল অগ্নিকুণ্ডলী ও ঘন ধোঁয়া দেখা যাচ্ছে—এমন কিছু ছবি প্রকাশ হয়েছে। এ আগুন ও ধোঁয়া তেহরানের প্রধান এবং ব্যস্ততম মেহরাবাদ বিমানবন্দরের দিক থেকে উঠতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে এ ছবিগুলো নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ভিডিওটির অবস্থান যাচাই করে সত্যতা নিশ্চিত করেছে।

রয়টার্স জানিয়েছে, তারা ভিডিওটির সঠিক তারিখ যাচাই করতে না পারলেও ৭ মার্চের আগে ইন্টারনেটে এই ফুটেজের পুরোনো কোনো সংস্করণ খুঁজে পায়নি।

তথ্যসূত্র: বিবিসি

মেহরাবাদ বিমানবন্দরের কাছ থেকে উঠছে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী। ৭ মার্চ ২০২৬
মেহরাবাদ বিমানবন্দরের কাছ থেকে উঠছে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী। ৭ মার্চ ২০২৬
ছবি: রয়টার্স
মেহরাবাদ বিমানবন্দরের কাছ থেকে উঠছে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী। ৭ মার্চ ২০২৬
মেহরাবাদ বিমানবন্দরের কাছ থেকে উঠছে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী। ৭ মার্চ ২০২৬
ছবি: রয়টার্স
১২: ৩৪
বন্ধ রাখার পর আবার সীমিত পরিসরে ফ্লাইট চালু করছে কাতার
বন্ধ রাখার পর আবার সীমিত পরিসরে ফ্লাইট চালু করছে কাতার
ফাইল ছবি: রয়টার্স

হামলার আতঙ্কের মধ্যে সীমিত পরিসরে খুলছে কাতারের আকাশপথ

এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও এর ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর এ প্রথম সীমিত পরিসরে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে কাতার।

কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশপথ আংশিকভাবে আবার খুলে দেওয়া হচ্ছে। তবে আপাতত শুধু উদ্ধারকারী ও জরুরি পণ্যবাহী (কার্গো) ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হবে।

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে আগামী দিনগুলোতে আরও ফ্লাইট চালু হবে কি না, তা নির্ভর করবে নিরাপত্তা পরিস্থিতির চলমান পর্যালোচনার ওপর।

কাতার সরকারের কর্মকর্তারা এ সপ্তাহের শুরুতে বলেছিলেন, বিমানবন্দর লক্ষ্য করে ইরানের হামলার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে তাদের সামরিক বাহিনী।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গতকাল শুক্রবার দেশটি ৯টি ড্রোন প্রতিহত করেছে। এর মধ্যে একটি ড্রোন জনশূন্য এলাকায় পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তথ্যসূত্র: বিবিসি

১১: ৫৪
তেল আবিবে সাইরেন বাজার পর বোমা হামলা থেকে নিরাপদ থাকার জায়গায় আশ্রয় নিয়েছেন ইসরায়েলিরা
তেল আবিবে সাইরেন বাজার পর বোমা হামলা থেকে নিরাপদ থাকার জায়গায় আশ্রয় নিয়েছেন ইসরায়েলিরা
ফাইল ছবি: রয়টার্স

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: বাংকারে লাখ লাখ ইসরায়েলি

গতকাল শুক্রবার মধ্যরাত থেকে এ পর্যন্ত ইরান থেকে ইসরায়েলের দিকে অন্তত পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে দেখেছে ইসরায়েলি বাহিনী।

এ হামলার জেরে সারা রাত লাখ লাখ ইসরায়েলিকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে (বাংকারে) অবস্থান করতে হয়েছে।

ইসরায়েলের বিশ্লেষকদের মতে, দেশটির সরকারের ওপর চাপ বৃদ্ধি করতে ইরান এমন কৌশল নিয়েছে; যাতে ভিন্ন ভিন্ন সময়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলিদের দীর্ঘ সময় আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য করা যায়।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেশবাসীকে জানানো হয়েছে, দেশটির নিরাপত্তা সংস্থাগুলো ধারণা করছিল হামলার প্রথম সপ্তাহেই ইরান থেকে ইসরায়েলে অন্তত ১০০০ ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে।

তবে এ পর্যন্ত ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলিদের দাবি, এটি ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষেত্রে ইরানের দুর্বল সক্ষমতাকে ফুটিয়ে তুলছে। আর এর কারণ হিসেবে ইসরায়েল তাদের ভাষায় নিজেদের ‘সাফল্য’কে কৃতিত্ব দিচ্ছে।

তথ্যসূত্র: আল–জাজিরা

১১: ২১

দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ

উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা হামলা শুরুর এক সপ্তাহের মাথায় আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বার্তা সংস্থা এএফপির সংবাদদাতারা এ তথ্য জানিয়েছেন।

দুবাইয়ে দুটি এবং মানামায় একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মানামায় বিস্ফোরণের সময় সতর্ক সংকেত (সাইরেন) বেজে ওঠে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘দেশের নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’

তথ্যসূত্র: ডন

১০: ৪৯

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তার পর জেরুজালেমে বিস্ফোরণ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বিমান হামলার সাইরেন বাজার পর আজ শনিবার জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতা এ তথ্য জানিয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে জানিয়েছিল, ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘সক্রিয় রয়েছে’।

তথ্যসূত্র: গালফ নিউজ

১০: ২৪
কামানের গোলা হাতে এক ইসরায়েলি সেনা
কামানের গোলা হাতে এক ইসরায়েলি সেনা
ফাইল ছবি: এএফপি

ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আজ শনিবার ইসরায়েলের কাছে আনুমানিক ১৫ কোটি ১৮ লাখ মার্কিন ডলার মূল্যের জরুরি অস্ত্র বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে। এর মধ্যে বিভিন্ন যুদ্ধাস্ত্র ও সংশ্লিষ্ট সহায়তা সেবা অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইসরায়েল সরকারের কাছে তাৎক্ষণিকভাবে এ অস্ত্র বিক্রির লক্ষ্যে একটি বিশেষ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

অস্ত্রের এ প্যাকেজে বিএলইউ-১১০এ/বি বোমা এবং লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। পররাষ্ট্র দপ্তর বলেছে, এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে সমর্থন এবং এ অঞ্চলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মিত্রের নিরাপত্তা জোরদার করতে সাহায্য করবে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

০৯: ৪৫
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
ফাইল ছবি: রয়টার্স

ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আজ রাতে ইরানের ওপর ‘আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হবে।

স্কট বেসেন্ট জানান, মার্কিন এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর ‘সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে’। তিনি আরও বলেন, ‘আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি।’

এ সময় বেসেন্ট ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার’ অভিযোগ আনেন। এ প্রসঙ্গে তিনি হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন।

তথ্যসূত্র: আল–জাজিরা

০৯: ২৫

জর্ডানের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত

জর্ডানের আকাবা শহরের আকাশসীমায় একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সেখান থেকে আল-জাজিরার প্রতিনিধি এ কথা জানিয়েছেন।

আকাবা দক্ষিণ ইসরায়েলের ইলাত শহরের ঠিক উল্টো পাশে অবস্থিত। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: আল–জাজিরা

০৯: ১৪
ইরানের ছোড়া ক্লাস্টার মিউনিশনযুক্ত একটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে। ৫ মার্চ ২০২৬
ইরানের ছোড়া ক্লাস্টার মিউনিশনযুক্ত একটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে। ৫ মার্চ ২০২৬
ছবি: রয়টার্স

ইসরায়েলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন দফায় বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলায় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বর্তমানে সক্রিয় রয়েছে।’

তথ্যসূত্র: আল–জাজিরা

০৮: ৫৪
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের বিমান হামলার পর তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আগুন ও বিস্ফোরণের দৃশ্য
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের বিমান হামলার পর তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আগুন ও বিস্ফোরণের দৃশ্য
ছবি: এক্স থেকে নেওয়া

তেহরানের বিমানবন্দরে বড় হামলা: ভিডিওতে জ্বলন্ত উড়োজাহাজ ও ধোঁয়ার কুণ্ডলী 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ভিডিও ফুটেজে ইরানের ব্যস্ততম ও প্রধান অভ্যন্তরীণ বিমানবন্দর মেহরাবাদে জ্বলন্ত বিমান ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

গতকাল শুক্রবারের স্যাটেলাইট চিত্রে বিমানবন্দরটিতে বেশ কয়েকটি উড়োজাহাজ অবস্থান করতে দেখা গিয়েছিল।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও বিমানবন্দরের কিছু অংশে হামলা হওয়ার খবর দিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে ‘নতুন দফায় ব্যাপক বিমান হামলা’ শুরু করার ঘোষণা দেওয়ার পর এ ঘটনা ঘটল।

এর আগে গত ৪ মার্চও এ বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইসরায়েল। সে সময় তারা দাবি করেছিল, ইসরায়েলি বিমান বাহিনীর জন্য হুমকি—এমন প্রতিরক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থা ধ্বংস করতে এ হামলা চালানো হয়েছে; যার মধ্যে বিমানবন্দরের হেলিকপ্টার তৈরির অংশটিও ছিল।

নতুন করে চালানো হামলায় বিমানবন্দরের ঠিক কোন কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুক্রবার রাতের বোমাবর্ষণ আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল।

তথ্যসূত্র: বিবিসি

০৭: ৪৩

শীতকালীন প্যারালিম্পিকে অংশ নেবে না ইরান

২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে অনুষ্ঠিত শীতকালীন প্যারালিম্পিকে ইরানের আবুলফজল খাতিবি মিয়ানাই ফাইল
২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে অনুষ্ঠিত শীতকালীন প্যারালিম্পিকে ইরানের আবুলফজল খাতিবি মিয়ানাই ফাইল
ফাইল ছবি: রয়টার্স

আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি) জানিয়েছে, ইতালির ভেরোনায় গত শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া শীতকালীন গেমসে ইরানের একমাত্র অ্যাথলেট অংশ নেবেন না।

আইপিসির বক্তব্য অনুযায়ী, চলমান যুদ্ধের কারণে ইরানের ক্রস-কান্ট্রি স্কিয়ার আবুলফজল খাতিবি মিয়ানাই ইতালিতে যেতে পারবেন না।

২৩ বছর বয়সী এই স্কিয়ার গত দুটি শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। ইতালিতে শুরু হওয়া প্যারালিম্পিকে আগামী মঙ্গলবার তাঁর একটি ইভেন্টে অংশ নেওয়ার কথা ছিল।

সূত্র: আল-জাজিরা

০৭: ৩০

তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর দাবি সৌদি আরবের

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি উড়োজাহাজের অবস্থান। বাঁয়ে গত ১৭ ফেব্রুয়ারির স্যাটেলাইট চিত্রের দৃশ্য, আর ডানে ২১ ফেব্রুয়ারির দৃশ্য
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি উড়োজাহাজের অবস্থান। বাঁয়ে গত ১৭ ফেব্রুয়ারির স্যাটেলাইট চিত্রের দৃশ্য, আর ডানে ২১ ফেব্রুয়ারির দৃশ্য
ছবি: রয়টার্স

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, একটি তেলক্ষেত্র লক্ষ্য করে আসা ৬টি ড্রোন এবং একটি বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের বাহিনী ঠেকিয়ে দিয়েছে।

ড্রোনগুলো সৌদি আরবের দক্ষিণাঞ্চলের বিশাল মরুভূমি ‘এম্পটি কোয়ার্টারে’ শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। এলাকাটিতে শায়বাহের মতো সমৃদ্ধ তেলক্ষেত্র রয়েছে। শায়বাহ তেলক্ষেত্রই এই হামলার লক্ষ্য ছিল।

সৌদি আরবের জাতীয় তেল কোম্পানি আরামকোর তথ্যমতে, এই ক্ষেত্রটি থেকে প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল উৎপাদিত হয়।

এদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রিন্স সুলতান বিমানঘাঁটির দিকে যাচ্ছিল। ইরানে হামলার প্রস্তুতির অংশ হিসেবে মার্কিন বিমানবাহিনী ঘাঁটিটি ব্যবহার করেছিল।

সূত্র: বিবিসি

০৭: ০২

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা  ‘নিঃশেষ’ করাই এখন ইরানের মূল কৌশল

ইসরায়েলের তেল আবিবের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ধোঁয়ার সারি সারি কুণ্ডলী দেখা যাচ্ছে। ৬ মার্চ ২০২৬
ইসরায়েলের তেল আবিবের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ধোঁয়ার সারি সারি কুণ্ডলী দেখা যাচ্ছে। ৬ মার্চ ২০২৬
ছবি: রয়টার্স

গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের দক্ষিণের নেগেভ মরুভূমির বীরশেবা এবং একেবারে উত্তরাঞ্চলে নতুন করে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন ও ক্ষেপণাস্ত্র অনুপ্রবেশের খবর পাওয়া গেছে।

বিশ্লেষকদের মতে, ইরানের বর্তমান কৌশল হলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে যতটা সম্ভব চাপে রাখা। অনবরত ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের ইন্টারসেপ্টর বা প্রতিরোধকারী ক্ষেপণাস্ত্রের মজুত কমিয়ে ফেলাই তাদের মূল লক্ষ্য।

এর মাধ্যমে ইরান বিশ্বকে এটিও দেখাতে চায়, এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান, জাহাজ ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের ব্যাপক হামলার পরও তাদের পাল্টা হামলা চালানোর সক্ষমতা ফুরিয়ে যায়নি। তারা শুধু ইসরায়েল নয়, পুরো অঞ্চলে হামলা চালানোর সক্ষমতা রাখে।

সূত্র: আল-জাজিরা

০৬: ৫০

বাহরাইনে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার সকালে দেশজুড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজার খবর নিশ্চিত করেছে। নাগরিকদের ‘শান্ত থাকতে এবং নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নিতে’ অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আল–জাজিরা

০৬: ৪৫

নিহত ৬ মার্কিন সেনার মরদেহ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ট্রাম্প

কুয়েতে মার্কিন দূতাবাসের কাছে ইরানের হামলা পরবর্তী দৃশ্য। ২ মার্চ ২০২৬
কুয়েতে মার্কিন দূতাবাসের কাছে ইরানের হামলা পরবর্তী দৃশ্য। ২ মার্চ ২০২৬
ছবি: এএফপি

ইরানের হামলায় কুয়েতে নিহত ছয় মার্কিন সেনার মরদেহ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ডোভা এয়ারফোর্স ঘাঁটিতে তাঁদের কফিন গ্রহণ করা হবে।

গত রোববার (১ মার্চ) কুয়েতের দক্ষিণাঞ্চলীয় শিল্প এলাকা পোর্ট শুয়াইবায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন কমান্ড সেন্টারে ড্রোন হামলায় এই সেনারা প্রাণ হারান। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পরদিনই এই হামলার ঘটনা ঘটেছিল।

সূত্র: আল-জাজিরা

০৬: ৩৫

‘কে কার সঙ্গে কথা বলছে’— ট্রাম্প সব জানেন, ইরানকে রাশিয়ার তথ্য দেওয়ার খবর প্রসঙ্গে হেগসেথ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ
ফাইল ছবি : এএফপি

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা নিয়ে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে, এমন খবরের প্রেক্ষিতে মুখ খুলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। গতকাল শুক্রবার সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘সবকিছুই ট্র্যাক করছে’ এবং সেসব মাথায় রেখে যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে।

হেগসেথ বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন— কে কার সঙ্গে কথা বলছে সে বিষয়ে তাঁদের কমান্ডার-ইন-চিফ (ট্রাম্প) পুরোপুরি অবগত। প্রকাশ্যে বা গোপনে যা-ই ঘটুক না কেন, তার কড়া জবাব দেওয়া হচ্ছে।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী যোগ করেন, ‘আমাদের কাজ হলো শত্রুকে বিপদে ফেলা। এখন শুধু সেই সব ইরানিদের চিন্তিত হওয়া উচিত, যারা বেঁচে থাকার আশা করছেন।’

এর আগে সিবিএস নিউজকে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, রাশিয়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে।

অন্যদিকে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় সমবেদনা জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।

রাশিয়ার সংবাদমাধ্যম আরটি জানায়, পেজেশকিয়ানের সঙ্গে আলাপে পুতিন আরও জানান, তিনি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

সূত্র: বিবিসি

০৬: ২০

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি আরবের

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের বাহিনী ধ্বংস করেছে। আকাশে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়েছে।

এ ঘটনার বিষয়ে মন্ত্রণালয় থেকে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।

সূত্র: আল-জাজিরা

০৬: ০৪

বাহরাইন ও কাতারের পাশে থাকার ঘোষণা আমিরাতের

সংযুক্ত আরব আমিরাতের পতাকা
সংযুক্ত আরব আমিরাতের পতাকা
ফাই ছবি: এএফপি

বাহরাইনে অবস্থিত কাতার নৌবাহিনীর আবাসন এলাকায় ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। একই সঙ্গে দেশটি বাহরাইন ও কাতারের প্রতি সংহতি প্রকাশ করেছে।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এই হামলা বাহরাইনের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি। এটি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশসহ পুরো অঞ্চলের নিরাপত্তার ওপর একটি বিপজ্জনক আঘাত।’

সূত্র: আল-জাজিরা

০৬: ০০

ইরানি বাহিনী ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ‘অসাধারণ’ কাজ করছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স

হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সময় শুক্রবার ইরান সংঘাত নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করার ক্ষেত্রে মার্কিন সেনাবাহিনী ‘অসাধারণ’ সাফল্য পাচ্ছে।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তাদের (ইরানের) সেনাবাহিনী শেষ। তাদের নৌবাহিনী শেষ। তাদের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তাদের দুই স্তরের নেতৃত্ব শেষ হয়ে গেছে। এখন তারা তৃতীয় স্তরের নেতৃত্ব দিয়ে চলছে। তাদের বিমানবাহিনী পুরোপুরি নিশ্চিহ্ন।’

ট্রাম্প যোগ করেন, ‘তাদের ৩২টি জাহাজ ছিল। এই ৩২টি জাহাজের সবগুলো সমুদ্রের তলদেশে।’

সূত্র: বিবিসি

০৫: ৫২

ইরাকের বসরায় ড্রোন হামলায় মার্কিন কোম্পানিতে আগুন

ইরাকের বাসরার কাছে এক্সনমোবিল পরিচালিত ওয়েস্ট কুরনা-১ তেলক্ষেত্রে উদ্বোধনী অনুষ্ঠানে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য এক্সনের বিদেশি কর্মীদের সঙ্গে হাঁটছেন। ১৭ জুন ২০১৯
ইরাকের বাসরার কাছে এক্সনমোবিল পরিচালিত ওয়েস্ট কুরনা-১ তেলক্ষেত্রে উদ্বোধনী অনুষ্ঠানে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য এক্সনের বিদেশি কর্মীদের সঙ্গে হাঁটছেন। ১৭ জুন ২০১৯
ফাইল ছবি: রয়টার্স

ইরাকের বসরায় বিদেশি তেল কোম্পানিগুলোর কর্মীদের একটি কম্পাউন্ড লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে মার্কিন প্রতিষ্ঠান হ্যালিবার্টন এবং কেবিআরের অফিস ও গুদামে আগুন লেগেছে।

বার্তা সংস্থা রয়টার্স নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, হামলার পর ওই কম্পাউন্ডের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ড্রোনটি সরাসরি মার্কিন কোম্পানিগুলোর স্থাপনা লক্ষ্য করে আঘাত হেনেছে।

সূত্র: আল-জাজিরা

০৫: ১৬

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা ‘অগ্রহণযোগ্য’: আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকএন্টি
আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকএন্টি
ছবি: রয়টার্স

লেবাননের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকএন্টি। একই সঙ্গে তিনি হিজবুল্লাহ এবং ইসরায়েল—উভয় পক্ষের হামলার নিন্দা জানিয়েছেন।

শুক্রবার এক বিবৃতিতে ম্যাকএন্টি বলেন, লেবাননের বর্তমান পরিস্থিতি ‘খুব উদ্বেগজনক’ এবং এটি দেশটির গত কয়েক বছরের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে।

লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) ওপর হামলার নিন্দা জানিয়ে এটাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন তিনি। আয়ারল্যান্ডের সেনাপ্রধানের সঙ্গেও এ বিষয়ে তাঁর কথা হয়েছে।

আইরিশ মন্ত্রী ইসরায়েলে হামলার জন্য হিজবুল্লাহর সমালোচনা করে বলেন, এতে লেবানন আরও অস্থিতিশীল হওয়ার ঝুঁকিতে পড়বে। অন্যদিকে, দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়েলের ‘অসম বিমান হামলা ও স্থল অভিযান’ এবং বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশেরও নিন্দা জানান তিনি।

ম্যাকএন্টি নিশ্চিত করেছেন, দক্ষিণ লেবাননে মোতায়েন করা সব আইরিশ শান্তিরক্ষী বাহিনীর সদস্য নিরাপদ আছেন।

সূত্র: আল-জাজিরা

০৪: ৫৩

তেহরানে নতুন করে ইসরায়েলি হামলা, বিকট বিস্ফোরণ

তেহরানে বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে। ৫ মার্চ ২০২৬
তেহরানে বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে। ৫ মার্চ ২০২৬
ছবি: রয়টার্স

ইরানের রাজধানী তেহরানে নতুন করে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ শনিবার ভোরে শহরটিতে আবারও হামলা শুরু হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, তারা তেহরানে ‘ইরানি সন্ত্রাসী শাসনের অবকাঠামো’ লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে।

আল–জাজিরা জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, তারা ইরানের রাজধানী তেহরানে বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয় গতকাল তেহরানের এক নারী বাসিন্দা জানান, ‘এখন প্রায় প্রতিদিন এবং প্রতি কয়েক ঘণ্টা পরপর হামলা হচ্ছে।’

ইসরায়েলের সেনাবাহিনী এ হামলাকে তাদের অভিযানের ‘পরবর্তী ধাপ’ হিসেবে বর্ণনা করেছে।

সূত্র: বিবিসি ও আল–জাজিরা

০৪: ৪৬

সৌদি আরবকে ‘সহযোগিতা দিতে প্রস্তুত’ যুক্তরাজ্য: কিয়ার স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন। আঞ্চলিক সংঘাত বৃদ্ধি পাওয়ায় রিয়াদের প্রতিরক্ষায় ব্রিটেনের সমর্থনের অঙ্গীকার করেছেন।

ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছে, স্টারমার মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ব্রিটিশ যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং একটি ডেস্ট্রয়ার পাঠানোর কথা জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, সৌদি আরবের সুরক্ষায় যুক্তরাজ্য ‘সহযোগিতা দিতে প্রস্তুত’।

বিবৃতিতে আরও বলা হয়, দুই নেতা পারস্পরিক গোয়েন্দা তথ্য আদান-প্রদান বৃদ্ধির বিষয়েও আলোচনা করেছেন।

সূত্র: আল–জাজিরা

০৪: ৩৮

ইরাকের বাগদাদ ও বসরায় ড্রোন ও রকেট হামলা

ইরাকে কুর্দি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে ইরানের বিপ্লবী বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দৃশ্য
ইরাকে কুর্দি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে ইরানের বিপ্লবী বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দৃশ্য
ফাইল ছবি : রয়টার্স

ইরাকের বাগদাদ সামরিক বিমানবন্দরে একটি ড্রোন বিধ্বস্ত হয়ে একটি গুদামে আগুন লেগেছে। ইরাকের একটি নিরাপত্তা সূত্র এই তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো দাপ্তরিক বিবৃতি পাওয়া যায়নি।

এর মাত্র এক ঘণ্টা আগে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন দূতাবাসের লজিস্টিক সাপোর্ট সেন্টার লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। কর্মকর্তারা জানান, বাগদাদের পশ্চিমে আবু ঘুরাইব এলাকা থেকে একটি গাড়ি ব্যবহার করে এই রকেট ছোড়া হয়েছে। রকেটগুলো খোলা জায়গায় পড়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। নিরাপত্তা বাহিনী অতিরিক্ত রকেটসহ ওই গাড়িটি জব্দ করেছে এবং তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, গত তিন দিনে বাগদাদ বিমানবন্দর এলাকায় বেশ কয়েকবার ড্রোন হামলা হয়েছে।

পৃথক এক ঘটনায় জানা গেছে, ইরাকের বসরায় তেল ও জ্বালানি খাতে কর্মরত একটি মার্কিন কোম্পানি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

সূত্র: আল-জাজিরা

০৪: ৩২

ইরানে এক সপ্তাহে ৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা: মার্কিন সেনাবাহিনী

তেহরানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাহিনী। ৬ মার্চ ২০২৬
তেহরানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাহিনী। ৬ মার্চ ২০২৬
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, গত এক সপ্তাহে ইরানে ৩ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এক সপ্তাহ আগে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করে মার্কিন বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক হালনাগাদ তথ্যে সেন্টকম আরও জানায়, এই সময়ের মধ্যে তারা ইরানের ৪৩টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে।

সূত্র: আল-জাজিরা

০৪: ২৭

যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে পৌঁছেছে মার্কিন বোমারু বিমান বি-১

মার্কিন বিমানবাহিনীর একটি বি-১ ল্যান্সার বোমারু বিমান
মার্কিন বিমানবাহিনীর একটি বি-১ ল্যান্সার বোমারু বিমান
ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর একটি বি-১ ল্যান্সার বোমারু বিমান পৌঁছেছে। যুক্তরাজ্যের সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চলতি সপ্তাহের শুরুতে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিতে সম্মত হন। এর আগে অসম্মতি জানালেও এখন তিনি ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাতে প্রতিরক্ষামূলক হামলার জন্য যুক্তরাষ্ট্রকে এই অনুমতি দিলেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক অ্যারোস্পেস ও প্রতিরক্ষা কোম্পানি বোয়িংয়ের তথ্য অনুযায়ী, ‘দ্য বোন’ ডাকনামের এই বি-১ বোমারু বিমানটি একটি দূরপাল্লার সুপারসনিক যুদ্ধবিমান। এটি মার্কিন বিমানবাহিনীর দ্রুততম বোমারু বিমান হিসেবে পরিচিত।

সূত্র: বিবিসি

০৩: ৪৮

যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় সিরিয়া ও লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ মাখোঁর

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ
ফাইল ছবি: রয়টার্স

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সিরিয়া ও লেবাননের প্রেসিডেন্টদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে মাখোঁর এই আলোচনা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মাখোঁ লিখেন, ‘এই সংঘাত যেন পুরো অঞ্চলে ছড়িয়ে না পড়ে, ফ্রান্স তার অংশীদারদের সঙ্গে নিয়ে সে লক্ষ্যে কাজ করছে। সিরিয়া ও লেবাননসহ অঞ্চলের প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে।’

জাতিসংঘের কেন্দ্রে ইসরায়েলের হামলার নিন্দা

লেবাননে জাতিসংঘের একটি কেন্দ্রে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মাখোঁ। দক্ষিণ লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) ঘানা ব্যাটালিয়নের সদর দপ্তরে ওই হামলায় দুজন ঘানার সেনা গুরুতর আহত হয়েছেন।

মাখোঁ বলেন, ‘দক্ষিণ লেবাননে স্থিতিশীলতা রক্ষায় জাতিসংঘ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেখানে শান্তিরক্ষীদের ওপর এই অগ্রহণযোগ্য হামলার আমি তীব্র নিন্দা জানাই।’

সিরিয়া ও লেবাননের প্রেসিডেন্টদের সঙ্গে আলোচনার পর মাখোঁ আবারও দেশ দুটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে সন্ত্রাসবাদের কোনো সুযোগ দেওয়া হবে না এবং ফ্রান্স বিষয়টি নিশ্চিত করবে।

সূত্র: আল-জাজিরা ও বিবিসি

০৩: ৩৮

অস্ত্র উৎপাদন ৪ গুণ বাড়াতে রাজি মার্কিন কোম্পানিগুলো: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে, ৪ মার্চ ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে, ৪ মার্চ ২০২৬
ছবি: রয়টার্স

শীর্ষস্থানীয় মার্কিন অস্ত্র নির্মাতাদের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তারা অত্যাধুনিক শ্রেণির সমরাস্ত্র উৎপাদন চার গুণ বাড়াতে সম্মত হয়েছে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।

পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের কাছে মাঝারি ও উচ্চ-মাঝারি মানের গোলাবারুদের কার্যত অন্তহীন সরবরাহ রয়েছে। উদাহরণ হিসেবে তিনি ইরান ও সম্প্রতি ভেনেজুয়েলায় এসব অস্ত্র ব্যবহারের কথা উল্লেখ করেন। তিনি জানান, পর্যাপ্ত মজুত থাকলেও এসব অস্ত্রের ক্রয়াদেশ (অর্ডার) আরও বাড়ানো হয়েছে।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) বিশ্লেষক মার্ক কানসিয়ান বলেন, যুক্তরাষ্ট্র বর্তমান পর্যায়ের স্বল্পপাল্লার সংঘাত ‘প্রায় অনির্দিষ্টকাল’ চালিয়ে যেতে সক্ষম।

তবে কানসিয়ান সতর্ক করেন, যত বেশি সময় ধরে যুদ্ধ চলবে, লক্ষ্যবস্তুর সংখ্যা তত কমে যাবে। এর মানে হলো অভিযানের গতি ধীরে ধীরে কমে আসবে।

সূত্র: বিবিসি

০৩: ২৭

জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির–সাইদ ইরাভানি
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির–সাইদ ইরাভানি
ফাইল ছবি: রয়টার্স

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অপরাধ করার ক্ষেত্রে কোনো চরমসীমা বা রেড লাইন মানছে না। নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থানীয় সময় শুক্রবার বিকেলে দেওয়া এক বক্তব্যে ইরাভানি এ মন্তব্য করেন।

ইরাভানি বলেন, এই দুই দেশ স্কুল, হাসপাতাল, বিনোদন ও ক্রীড়া কেন্দ্রসহ জনবহুল বেসামরিক এলাকা এবং অবকাঠামোতে হামলা চালাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, ‘এসব কর্মকাণ্ড স্পষ্টত যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল।’

সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ

ইরানের পরবর্তী নেতা নির্বাচন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইরাভানি। তিনি বলেন, ট্রাম্পের এই বক্তব্য অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার যে আন্তর্জাতিক নীতি, তার চরম লঙ্ঘন।

ইরাভানি স্পষ্ট জানিয়ে দেন, ‘ইরান একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র। ইরান তার অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ কখনো গ্রহণ করবে না এবং তা হতে দেবে না।’

সূত্র: আল-জাজিরা

০৩: ১৯

ইরানের কূটনীতিকদের প্রতি ট্রাম্পের ‘পক্ষত্যাগের’ আহ্বান প্রত্যাখ্যান দেশটির কূটনীতিকদের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় চারপাশে শুধুই ধ্বংসস্তূপ। এরই মাঝে ইরানের জাতীয় পতাকা হাতে এক ব্যক্তি। গতকাল মধ্য তেহরানে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় চারপাশে শুধুই ধ্বংসস্তূপ। এরই মাঝে ইরানের জাতীয় পতাকা হাতে এক ব্যক্তি। গতকাল মধ্য তেহরানে
ছবি: এএফপি

বিশ্বজুড়ে বিভিন্ন দেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এবং কূটনৈতিক মিশনগুলোর প্রধানেরা এক যৌথ খোলা চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। গত বৃহস্পতিবার ট্রাম্প ইরানি কূটনীতিকদের পক্ষত্যাগ করে দলছুট হওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেটার জবাবে এই চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে কূটনীতিকরা বলেন, মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক এই লজ্জাজনক মন্তব্য ইরানের বাস্তবতাকে বুঝতে তাঁদের ব্যর্থতার আরেকটি প্রমাণ। এটি ইরানি জাতি এবং আমাদের জাতীয় ও ধর্মীয় মূল্যবোধের প্রতি তাঁদের গভীর শত্রুতার বহিঃপ্রকাশ।’

তাঁরা যোগ করেন, ‘মাতৃভূমির প্রতি আনুগত্য এবং নিজের জীবনের বিনিময়ে হলেও ইরানকে রক্ষা করার যে আদর্শ, সে সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।’

সূত্র: আল-জাজিরা

০৩: ১১

কাতারে ইরানের ১০টি ড্রোন হামলা, প্রতিহত ৯টি

কাতারে ইরানের ড্রোন হামলার পর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ১ মার্চ ২০২৬
কাতারে ইরানের ড্রোন হামলার পর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ১ মার্চ ২০২৬
ছবি: রয়টার্স

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশটি ইরান থেকে আসা দফায় দফায় ড্রোন হামলার শিকার হয়েছে। কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা মোকাবিলা করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার কাতার লক্ষ্য করে মোট ১০টি ড্রোন ছোড়া হয়েছিল। এর মধ্যে ৯টি ড্রোন সফলভাবে মাঝআকাশে ধ্বংস বা প্রতিহত করা হয়েছে।

দশম ড্রোনটি একটি জনশূন্য এলাকায় আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্র: আল-জাজিরা

০৩: ০২

হরমুজ প্রণালি খোলা থাকবে, তবে মার্কিন ও ইসরায়েলি জাহাজে হামলা চলবে: ইরান

মানচিত্রে হরমুজ প্রণালি ও ইরানের অবস্থান
মানচিত্রে হরমুজ প্রণালি ও ইরানের অবস্থান
ফাইল ছবি: রয়টার্স

ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা ইরানের নেই। তবে চলমান যুদ্ধের কারণে এই পথে জাহাজ চলাচল কমে গেছে।

মুখপাত্রটি বলেন, ‘আমরা হরমুজ প্রণালি অতিক্রম করতে ইচ্ছুক কোনো জাহাজকে বাধা দেব না। তবে এর নিরাপত্তার দায়ভার সংশ্লিষ্ট জাহাজকে নিতে হবে।’

ইরানের এ মুখপাত্র কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জায়নবাদী রাষ্ট্র (ইসরায়েল) বা আমেরিকার কোনো জাহাজ যদি হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে, তবে আমরা সেটিকে লক্ষ্যবস্তু করব।’

সূত্র: আল-জাজিরা

০২: ৫৫

পারস্য উপসাগরীয় অঞ্চলের নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডানে) ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডানে) ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ফাইল ছবি: রয়টার্স

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে শুক্রবার এক ফোনালাপে তিনি এই সমবেদনা জানান।

ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতির বরাতে রাশিয়ার সংবাদমাধ্যম আরটি জানায়, ‘রাশিয়ার নীতিগত অবস্থান হলো, অবিলম্বে শত্রুতা বন্ধ করা এবং দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরে আসা প্রয়োজন।’

পেজেশকিয়ানের সঙ্গে আলাপে পুতিন আরও জানান, তিনি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

তবে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

সূত্র: আরটি ও আল-জাজিরা

০২: ৪২

ইরাকের এরবিলে হোটেলে ড্রোন হামলা

ইরাকের এরবিলে ড্রোন হামলা প্রতিরোধ করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাইল
ইরাকের এরবিলে ড্রোন হামলা প্রতিরোধ করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাইল
ছবি: এএফপি

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ‘এরবিল আরজান বাই রোটানা’ হোটেল লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

এর আগে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সতর্ক করেছিল, ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বিদেশিদের যাতায়াত আছে এমন হোটেল লক্ষ্যবস্তু করতে পারে।

সূত্র: আল–জাজিরা

০২: ৩৬

‘জরুরি রুট’ দিয়ে কাতারের আংশিক বিমান চলাচল শুরু

কাতার এয়ারওয়েজ একটি উড়োজাহাজ
কাতার এয়ারওয়েজ একটি উড়োজাহাজ
ফাইল ছবি

কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশে আংশিক বিমান চলাচল পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে। কাতার নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয় করে ‘সীমিত ক্ষমতাসম্পন্ন বিশেষ জরুরি আকাশপথ’ দিয়ে এই ফ্লাইটগুলো পরিচালিত হবে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং জবাবে ওই অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তেহরানের পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যের অধিকাংশ আকাশপথ বন্ধ হয়ে গিয়েছিল। এই পরিস্থিতির মধ্যে আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে কাতার এই সীমিত চলাচলের সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: আল-জাজিরা

০২: ৩২

ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড

মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড
মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড
ফাইল ছবি: এএফপি

বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ড পূর্ব ভূমধ্যসাগর থেকে সুয়েজ খাল অতিক্রম করে এখন লোহিত সাগরে অবস্থান নিয়েছে। গত কয়েক দিন এটি ভূমধ্যসাগরে মোতায়েন ছিল।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দুটি বড় সামরিক অভিযানে এই রণতরি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। প্রথমটি ছিল বছরের শুরুতে ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে আটক করা এবং দ্বিতীয়টি হলো ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ।

সূত্র: আল-জাজিরা

০২: ২৪

ইরানের নাতানজে বিকট বিস্ফোরণের শব্দ

গত বছরের অক্টোবরে স্যাটেলাইট চিত্রে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্র
গত বছরের অক্টোবরে স্যাটেলাইট চিত্রে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্র
ছবি: রয়টার্স

ইরানের মধ্যাঞ্চলীয় শহর নাতানজের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

নাতানজে ইরানের অন্যতম বৃহত্তম পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র অবস্থিত। ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধ এবং চলমান যুদ্ধ উভয়ে সময়ে এই এলাকায় ব্যাপক বোমা হামলা চালানো হয়েছে।

সূত্র: আল–জাজিরা

০২: ২১

নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের প্রেসিডেন্টের ‘ভৌগোলিক প্রতারণা’র অভিযোগ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ফাইল ছবি: রয়টার্স

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ‘শ্রোতাদের ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে প্রতারণা’ করার অভিযোগ তুলেছেন।

পেজেশকিয়ান বলেন, ইরানের জনগণের উদ্দেশে কথা বলার সময় নেতানিয়াহু ‘স্বাধীনতা’র বুলি আওড়ান। কিন্তু যখন নিজের ‘কট্টর ইহুদিবাদে বিশ্বাসী শ্রোতাদের’ সামনে কথা বলেন, তখন তিনি ইরানিদের ‘আমালেক’ বলে অভিহিত করেন। আমালেক হলো বাইবেলে বর্ণিত একটি প্রাচীন গোষ্ঠী, যাদের চরম মন্দ ও ইহুদিবিদ্বেষী হিসেবে গণ্য করা হয়।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, মার্কিন নাগরিকদের সামনে কথা বলার সময় নেতানিয়াহু কেবল ইরানের ‘পারমাণবিক হুমকি’র বিষয়টিকে বড় করে তুলে ধরেন।

সূত্র: আল-জাজিরা

০১: ৪৫

লেবাননে ক্ষেপণাস্ত্র হামলায় ঘানার ২ শান্তিরক্ষী বাহিনীর সদস্য আহত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলার পর দক্ষিণ উপনগরে একটি বিস্ফোরণের দৃশ্য। ৬ মার্চ ২০২৬
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলার পর দক্ষিণ উপনগরে একটি বিস্ফোরণের দৃশ্য। ৬ মার্চ ২০২৬
ছবি: রয়টার্স

দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) ঘানা ব্যাটালিয়নের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন সৈন্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ঘানার সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে এই হামলা ঘটে। এতে ওই শিবিরের কর্মকর্তাদের ভোজনশালা (মেস হল) সম্পূর্ণ পুড়ে গেছে। আহতদের বর্তমানে জাতিসংঘ ঘাঁটির একটি মেডিকেল বাঙ্কারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই ঘটনার প্রতিবাদে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে ঘানা সরকার। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার জেরে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল–জাজিরা

০১: ৩৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যোগ দিলে ইউরোপীয় দেশগুলোও ‘বৈধ লক্ষ্যবস্তু’ হবে: ইরান

 ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি ফাইল
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি ফাইল
ছবি: রয়টার্স

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করে বলেছেন, তারা যদি এই আগ্রাসী যুদ্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে যোগ দেয়, তবে তারাও ইরানের পাল্টা হামলার ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য হবে।

ফ্রান্স ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাখত-রাভানচি বলেন, ‘আমরা এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি, তারা যেন এই আগ্রাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত না হয়।’

ইরানের এ মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি কোনো দেশ ইরানের বিরুদ্ধে এই আগ্রাসনে অংশ নেয়... তবে নিশ্চিতভাবে তারা ইরানের প্রতিশোধমূলক হামলার শিকার হবে।’

সূত্র: আল-জাজিরা

০১: ২৩

ইরানের জন্য  সম্ভাব্য নতুন নেতৃত্ব খুঁজছে যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট
ফাইল ছবি : রয়টার্স

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট স্থানীয় সময় শুক্রবার জানিয়েছেন, ওয়াশিংটন ইরানের পরবর্তী নেতৃত্বের জন্য সম্ভাব্য প্রার্থীদের খুঁজছে। আগের দিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ থাকা জরুরি।

লেভিট সাংবাদিকদের বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থা এবং মার্কিন সরকার বেশ কিছু নাম পর্যালোচনা করছে। তবে এই মুহূর্তে এ বিষয়ে এর বেশি কিছু বলা সম্ভব নয়।’

ইরানের প্রতি ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’র ব্যাখ্যা দিয়েছেন লেভিট। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট বলতে চেয়েছেন, মার্কিন সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ হিসেবে তিনি যখন মনে করবেন, যুক্তরাষ্ট্রের জন্য ইরান আর হুমকি নয় এবং অপারেশন এপিক ফিউরির লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়েছে, তখন ইরান বাস্তবে নিঃশর্ত আত্মসমর্পণের পর্যায়ে থাকবে। তাঁরা মুখে তা বলুক বা না বলুক।’

সূত্র: আল-জাজিরা

২৩: ৪২ , মার্চ ০৬

ইসরায়েল লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইরান

ইসরায়েল লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইরান। আজ শুক্রবার কিছুক্ষণ আগে এই হামলা চালানো হয়েছে। 

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সেই ক্ষেপণাস্ত্র ঠেকাতে কাজ করছে।

২৩ তম দফায় হামলা শুরু করেছে আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলেছে, নতুন দফায় হামলা শুরু করেছে। এটা তাদের ২৩ তম দফায় হামলা।

আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ কথা জানিয়েছে।
আইআরজিসির এই বিবৃতি এমন সময় এল, যখন ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

২৩: ৩২ , মার্চ ০৬

মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা করতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট 

রাশিয়া ইরানকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য গোয়েন্দা তথ্য দিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। সংশ্লিষ্ট তিনজন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের অবস্থান কোথায়—এমন তথ্য দিয়ে তেহরানকে সহায়তা করছে মস্কো।

ওয়াশিংটন পোস্ট বলছে, রাশিয়া ঠিক ইরানকে কতটা সমর্থন দিচ্ছে তা পুরোপুরি পরিষ্কার নয়। তবে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর ইরানের সামরিক বাহিনীর মার্কিন লক্ষ্যবস্তু খুঁজে বের করার সক্ষমতা কমেছে।

আরও পড়ুন

হোয়াইট হাউসের একজন মুখপাত্র সরাসরি রাশিয়ার ইরানকে সমর্থন করার অভিযোগ সম্পর্কে মন্তব্য করেননি।

ওয়াশিংটনে রুশ দূতাবাস এবং নিউইয়র্কে জাতিসংঘে রাশিয়ার মিশন এ বিষয়ে ওয়াশিংটন পোস্টকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

সূত্র: আল জাজিরা।

২১: ১৮ , মার্চ ০৬

লেবানন সীমান্তে হামলায় ইসরায়েলের ৮ সেনা আহত

লেবানন সীমান্তে হামলায় আটজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এর মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় ৮ সেনা আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাঁদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে কে ওই হামলা চালিয়েছে, তা উল্লেখ করেনি ইসরায়েল।

গত সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আজ লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ২১৭ জন নিহত ও ৭৯৮ জন আহত হয়েছে।

সূত্র: আল জাজিরা

২১: ০৮ , মার্চ ০৬

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ইরানে হতাহত কত

* গত শনিবার থেকে ইরানে হামলায় মোট নিহত হয়েছেন ১৩২০ 

 হাজারের বেশি আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

* আহতদের ৬২৫ এর বেশি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

১১টি হাসপাতাল, টি জরুরি চিকিৎসা কেন্দ্র এবং ১২টি অ্যাম্বুলেন্স ক্ষেপণাস্ত্র দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে।

* আহত সবচেয়ে কম বয়সী লোরেস্তান প্রদেশের পোলডোখতার থেকে আসা চার মাস বয়সী একটি মেয়ে শিশু। সবচেয়ে প্রবীণ হলেন ৯৪ বছর বয়সী একজন নারী, যিনি কুর্দিস্তান প্রদেশের সাক্কেজ থেকে এসেছেন।

 স্বাস্থ্যকর্মী নিহত, ৩০ জন স্বাস্থ্যকর্মী আহত ।

সূত্র: ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেডক্রিসেন্ট

২০: ৩০ , মার্চ ০৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: এএফপি

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করুক। তিনি বলেছেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না।’

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন। ইরানের আত্মসমর্পণের পর নতুন ‘গ্রহণযোগ্য’ ইরানি নেতাদের নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পুনর্গঠনে সাহায্য করবে।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন
১৯: ৫০ , মার্চ ০৬
তেহরানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরান, ৬ মার্চ
তেহরানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরান, ৬ মার্চ
ছবি: এএফপি

তেহরান ও ইসফাহানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের রাজধানী তেহরান ও অন্যতম শহর ইসফাহানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ শুক্রবার কিছুক্ষণ আগে এই হামলা চালানো হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ জানিয়েছে, তারা ইরানের শাসকগোষ্ঠীর বিভিন্ন অবকাঠামোয় বড় হামলা চালিয়েছে। 

কোম শহরে হামলা

ইরানের কোম শহরের অন্তত তিনটি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ শুক্রবার কোমের একটি শিল্প এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানানোর পর ওই হামলা চালানো হয়।

ইরানের নূর নিউজের এক প্রতিবেদনে এই হামলার কথা জানানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন
১৯: ২৩ , মার্চ ০৬
বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। লেবানন, ৬ মার্চ
বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। লেবানন, ৬ মার্চ
ছবি: এএফপি

লেবানন সীমান্তে ইসরায়েলের মন্ত্রীর ছেলে আহত

লেবানন সীমান্তে সামরিক কার্যক্রমে অংশ নিতে গিয়ে ইসরায়েলের কয়েকজন সেনা আহত হয়েছে। তাদের মধ্যে ইসরায়েলের বর্তমান অর্থমন্ত্রী বেজলাল স্মর্টিচের ছেলেও আছেন। 

ইসরায়েলের আর্মি রেডিও এ কথা জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল কট্টরপন্থী বলে পরিচিতি। তিনি লেবাননের রাজধানী বৈরুতের একাংশকে ফিলিস্তিনের গাজা সিটির খান ইউনিসের মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন।

সূত্র: আল জাজিরা।

১৯: ০৮ , মার্চ ০৬

‘নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দর বেন গুরিয়নে হামলা: ইরান

ইসরায়েলে সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়নে হামলা চালানোর পর ইরান জানিয়েছে, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। 

ইরানের ইসলামি বিপ্লব গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তাদের ‘নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলোতে’ হামলা চালানো হয়েছে। একই ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ‘বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা এবং তেল আবিবে’ হামলা চালানো হয়।

এর আগে ইসরায়েলের বেন গুরিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর দিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

কুয়েত উপকূলে মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা

ইরানের সশস্ত্র বাহিনী আজ শুক্রবার জানিয়েছে, তারা কুয়েত উপকূলে মার্কিন তেলবাহী একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এতে ওই ট্যাঙ্কারে আগুন ধরে যায়।

ইরানের সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডের দায়িত্বে থাকা ‘খতম–আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় রেডিওর প্রতিবেদনে বলা হয়, জাহাজটিতে আঘাত হানা হয়েছে এবং এটি জ্বলছে।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন
১৭: ৫৩ , মার্চ ০৬
যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান (মাঝে)। এই বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান (মাঝে)। এই বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র
ফাইল ছবি: রয়টার্স

যুদ্ধ শুরুর পর ইরানে প্রথমবারের মতো বি২ বিমান থেকে বোমা ফেলল যুক্তরাষ্ট্র

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার সপ্তম দিনে আজ শুক্রবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র বি২ বিমান থেকে বোমা হামলা করার কথা জানিয়েছে। আর ইসরায়েল বলেছে, ইরানে তারা দ্বিতীয় ধাপের হামলা শুরু করেছে।

ইরানের ওপর হামলার তীব্রতা আরও বাড়ানো হচ্ছে জানিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, এই বোমাবর্ষণের তীব্রতা ‘নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে চলেছে’।

আরও পড়ুন

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোর ওপর ডজনখানেক ২,০০০ পাউন্ডের ‘পেনিট্রেটর’ বোমা (ভূগর্ভে প্রবেশ করে ধ্বংস ঘটাতে সক্ষম) নিক্ষেপ করেছে।

সূত্র: আল জাজিরা

১৭: ২৯ , মার্চ ০৬

কুয়েতে মার্কিন  ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা, ‘আগামী কয়েক ঘণ্টার মধ্যে’ আরও হামলার হুঁশিয়ারি

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। শিগগিরই আরও হামলা চালানো হবে।

ইরানের সেনাবাহিনীর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, ‘গত কয়েক ঘণ্টায় সেনাবাহিনী বিভিন্ন ধরনের বিধ্বংসী ড্রোন দিয়ে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বিপুল সংখ্যায় হামলা চালিয়েছে। আগামী কয়েক ঘণ্টা এই হামলা চলতে থাকবে।’

সূত্র: আল জাজিরা

১৬: ৫৭ , মার্চ ০৬

পারস্য উপসাগরে ৫২টি ফরাসি জাহাজ আটকা পড়েছে: ফ্রান্স

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৫২টি ফরাসি জাহাজ পারস্য উপসাগরে আটকা পড়েছে। ফ্রান্সের পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারো এই তথ্য নিশ্চিত করেছেন।

ফরাসি গণমাধ্যম সি-নিউজ/ইউরোপ-১ কে দেওয়া এক সাক্ষাৎকারে তাবারো বলেন, ‘পারস্য উপসাগরে বর্তমানে নির্দিষ্ট করে বলতে গেলে ৫২টি এবং লোহিত সাগরে ৮টি জাহাজ অবস্থান করছে। আমরা এই জাহাজগুলোর ক্রুদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি, কারণ সেখানে বেশ কিছু ফরাসি নাবিক রয়েছেন।’

গত শনিবার ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা হামলা শুরু করে ইরান। এই পরিস্থিতি হরমুজ প্রণালি দিয়ে তেল–গ্যাসবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এই পথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি পরিবহন হয়।

সূত্র: আল জাজিরা

১৬: ১১ , মার্চ ০৬
ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সারিবদ্ধ উড়োজাহাজ
ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সারিবদ্ধ উড়োজাহাজ
ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র

ইসরায়েলের প্রধান, সবচেয়ে বড় ও ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর দিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

তথ্যসূত্র: আল–জাজিরা

১৫: ৪১ , মার্চ ০৬

কুয়েতে বিমানঘাঁটিতে ইরানের হামলা

কুয়েতের আল জাহরা এলাকায় আলী আল সালেম বিমানঘাঁটির দিক থেকে বিস্ফোরণের পর ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ৬ মার্চ ২০২৬
কুয়েতের আল জাহরা এলাকায় আলী আল সালেম বিমানঘাঁটির দিক থেকে বিস্ফোরণের পর ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ৬ মার্চ ২০২৬
ছবি: রয়টার্স
১৫: ৩০ , মার্চ ০৬

তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণ

তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন প্রান্তে আজ শুক্রবার সকালে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার মধ্যেই এসব বিস্ফোরণ ঘটে।

এদিকে ইসরায়েল বলেছে, ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তারা ‘বড় পরিসরে’ বিমান হামলা শুরু করেছে।

তথ্যসূত্র: রয়টার্স

১৫: ০৬ , মার্চ ০৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২৩

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১২৩–এ দাঁড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘সোমবার ইসরায়েলি হামলার ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১২৩–এ দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৬৮৩ জন।’

এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি নাগরিকদের সতর্ক করে বলেছে যে তাঁদের উত্তরের সীমান্ত থেকে ৫ কিলোমিটারের (৩ দশমিক ১১ মাইল) মধ্যে থাকা শহরগুলো থেকে সরে যেতে হবে।

তথ্যসূত্র: আল–জাজিরা 

১৪: ৫৫ , মার্চ ০৬
হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপের একটি দৃশ্য
হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপের একটি দৃশ্য
ফাইল ছবি: রয়টার্স

পারস্য উপসাগর ও লোহিত সাগরে আটকা পড়েছে ফ্রান্সের ৬০টি জাহাজ

পারস্য উপসাগরে ফ্রান্সের ৫২টি জাহাজ আটকা পড়েছে। এ ছাড়া লোহিত সাগরে আটকে আছে আরও আটটি জাহাজ।

ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো এ তথ্য জানিয়েছেন। এই অঞ্চলের নৌপথে জাহাজ চলাচল নিরাপদ করতে বিভিন্ন দেশের সমন্বয়ে একটি জোট গঠনের চেষ্টা করছে প্যারিস।

তথ্যসূত্র: আল–জাজিরা

১৪: ৩৬ , মার্চ ০৬

ইরানে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ১,৩৩২: রেড ক্রিসেন্ট

ইরানে গত শনিবার শুরু হওয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় এ পর্যন্ত অন্তত ১ হাজার ৩৩২ জন নিহত হয়েছেন।

ইরানি রেড ক্রিসেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তথ্যসূত্র: আল–জাজিরা

১৪: ১৫ , মার্চ ০৬

৬টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইসরায়েলের

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের বিমানবাহিনী রাতভর হামলা চালিয়ে ৬টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়ার আগেই সেগুলোকে ধ্বংস করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী আরও দাবি করেছে, তারা ইরানের তিনটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

১৩: ২৩ , মার্চ ০৬

এমকিউ–হারমেস ড্রোন ধ্বংসের দাবি ইরানের 

তেহরানে বিস্ফোরণস্থল থেকে ধোঁয়া উড়ছে। ৫ মার্চ
তেহরানে বিস্ফোরণস্থল থেকে ধোঁয়া উড়ছে। ৫ মার্চ
ছবি: রয়টার্স

ইরানের লোরেস্তান প্রদেশের আকাশে একটি এমকিউ–নাইন ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দেশটির টিভি চ্যানেল জানিয়েছে। টিভি চ্যানেলের খবরে আরও জানানো হয়, তেহরানের আশপাশে আরেকটি হারমেস ড্রোন ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন
১৩: ০০ , মার্চ ০৬
ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় বিধ্বস্ত হয়েছে ভবন। ধ্বংসস্তূপে চলছে উদ্ধার তৎপরতা। ইরানের তেহরানের ফেরদৌসি স্কয়ার, ৩ মার্চ ২০২৬
ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় বিধ্বস্ত হয়েছে ভবন। ধ্বংসস্তূপে চলছে উদ্ধার তৎপরতা। ইরানের তেহরানের ফেরদৌসি স্কয়ার, ৩ মার্চ ২০২৬
ছবি: এএফপি

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলায় ৩,৬৪৩ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ৩ হাজার ৯০টি বাড়িঘরসহ মোট ৩ হাজার ৬৪৩টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পির হোসেন কোলিভান্দ এ তথ্য জানিয়েছেন।

কোলিভান্দ আরও জানান, ঘরবাড়ি ছাড়াও ৫২৮টি বাণিজ্যিক ও সেবা কেন্দ্র, ১৪টি চিকিৎসা কেন্দ্র বা ওষুধ কারখানা এবং রেড ক্রিসেন্টের ৯টি স্থাপনা এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোলিভান্দ উল্লেখ করেন, হামলার লক্ষ্যবস্তুগুলোর বেশির ভাগই ছিল ‘ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা’।

তথ্যসূত্র: আল–জাজিরা

১২: ৩৪ , মার্চ ০৬
ইতিহাদ এয়ারওয়েজের একটি উড়োজাহাজ
ইতিহাদ এয়ারওয়েজের একটি উড়োজাহাজ
ফাইল ছবি: রয়টার্স

আজ থেকে আবুধাবি রুটে ইতিহাদের সীমিত ফ্লাইট চলাচল শুরু

সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান রাষ্ট্রীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ আজ শুক্রবার থেকে আবুধাবি এবং বিশ্বের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর মধ্যে ‘সীমিত পরিসরে বাণিজ্যিক ফ্লাইট’ আবার চালুর ঘোষণা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এয়ারলাইনসটি জানিয়েছে, যেসব যাত্রীর নতুন করে চালু হওয়া ফ্লাইটে বুকিং নিশ্চিত হয়েছে বা যাদের সঙ্গে ইতিহাদ কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ করেছে, শুধু তাঁরাই যেন বিমানবন্দরে যান।

তথ্যসূত্র: আল–জাজিরা

আরও পড়ুন
১২: ১৮ , মার্চ ০৬

ইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা

ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিব লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরানের অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)।

আজ শুক্রবার এ হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (ইরনা) এক প্রতিবেদনে জানিয়েছে।

ইরনা জানায়, রেভল্যুশনারি গার্ডসের এক বিবৃতিতে ‘তেল আবিবের কেন্দ্রস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলিত হামলার’ কথা বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো এখন তেল আবিবের দিকে ধেয়ে যাচ্ছে।

তথ্যসূত্র: ডন

১২: ১৫ , মার্চ ০৬

জর্ডানের ইরবিদ শহরে বেশ কয়েকটি ড্রোন হামলা 

জর্ডানের ইরবিদ শহরে বেশ কয়েকটি ড্রোন ছুড়েছে বিমান প্রতিরক্ষাবাহিনী। ঘটনাস্থল থেকে আল জাজিরার প্রতিনিধি এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

আগের লাইভটি পড়তে ক্লিক করুন: ইরানে স্থল সেনা পাঠানোর চিন্তা এখন ‘সময়ের অপচয়’: ট্রাম্প






Post a Comment

0 Comments

Close Menu