দীর্ঘ অপেক্ষা করেও তেল না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে পেট্রলপাম্পের ব্যবস্থাপককে ট্রাকচাপায় হত্যা করেছেন ট্রাকচালক।
গ্রেপ্তার ট্রাকচালক সুজাত আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই স্বীকারোক্তি দিয়েছেন বলে জানিয়েছেন র্যাবের কর্মকর্তা মেজর ফজলে রাব্বী। আজ রোববার সন্ধ্যায় যশোরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
গত শনিবার রাতে নড়াইলের তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নাহিদকে ট্রাকচাপায় হত্যা করা হয়। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে সুজাত আলীকে যশোরের বাঘারপাড়া থেকে আটক করেন র্যাব-৬-এর সদস্যরা। আর ট্রাকটি বেনাপোল পৌর ট্রাক টার্মিনাল থেকে জব্দ করে হাইওয়ে পুলিশের নাভারন থানা।
আজ সন্ধ্যায় র্যাব-৬-এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বলা হয়, জ্বালানি তেলের জন্য গত শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত ২টা পর্যন্ত অপেক্ষা করেন ট্রাকচালক সুজাত আলী। কিন্তু শেষ পর্যন্ত জ্বালানি তেল না দেওয়ায় স্টেশনের ব্যবস্থাপক নাহিদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান তিনি। এরপর রাতে মোটরসাইকেল নিয়ে ব্যবস্থাপক নাহিদ ফিলিং স্টেশন থেকে বের হলে সুজাত আলী ট্রাক নিয়ে তাঁকে অনুসরণ করতে থাকেন। নড়াইলের তুলারামপুর এলাকায় পৌঁছালে তাঁকে ট্রাকচাপায় হত্যা করেন সুজাত আলী।
প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, নাহিদকে হত্যার পর ট্রাকটি বেনাপোল ট্রাক টার্মিনালে রেখে বাঘারপাড়ায় আত্মগোপনে চলে যান চালক সুজাত আলী।


0 Comments