হাইফা, তেল আবিব ও জেরুজালেমে হামলার দাবি ইরানের
ইসরায়েলের বিভিন্ন শহর এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ৩৭তম দফার হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। টানা তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানে নতুন প্রজন্মের ‘সুপার-হেভি খোররামশাহর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কয়েক স্তরের সমন্বিত হামলা চালানো হয়।
ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। এ ছাড়া বির ইয়াকুব, পশ্চিম জেরুজালেম এবং হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (ফিফথ ফ্লিট) সদর দপ্তরেও ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে।
এর আগে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবের কাছে আঘাত হানলে কয়েকজন আহত হন বলে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ-এর বরাত দিয়ে আল-জাজিরা জানায়।
তথ্যসূত্র: আল-জাজিরা
তেহরানের আবাসিক এলাকায় বিমান হামলা
ইরানের রাজধানী তেহরানের একটি আবাসিক এলাকায় নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। বুধবার ভোরে এ হামলা চালানো হয়। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তারা বর্তমানে সেখানে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, ‘কিছুক্ষণ আগে আরেকটি আবাসিক এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। বর্তমানে রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধারকাজ পরিচালনা করছেন।’
রেড ক্রিসেন্টের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দলগুলো একটি বিধ্বস্ত ভবনে প্রবেশের চেষ্টা করছে এবং একটি উদ্ধারকারী কুকুর ঘটনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় রাস্তার ওপর ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। তবে শহরের ঠিক কোন এলাকায় এই হামলা হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।
এদিকে আল–জাজিরা জানিয়েছে, তেহরানে একটি ব্যাংকে বিমান হামলার ঘটনায় এক কর্মী নিহত হয়েছেন। উল্লেখ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নতুন করে ব্যাপক হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর তেহরানে রাতভর বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামেদিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আবাসিক এলাকা এবং শহরের গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস ও যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।
তথ্যসূত্র: সিএনএন ও আল–জাজিরা
ইসরায়েলি হামলায় লেবাননের জোউয়া শহরের মেয়র নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর জোউয়ায় ইসরায়েলি হামলায় শহরটির মেয়র ফাউজি ফাওয়াজ ও কাউন্সিল সদস্য আব্বাস বালবেকি নিহত হয়েছেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ কথা জানিয়েছে।
এনএনএ-র প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনী শহরটিতে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হন। নিহত হওয়ার আগে মেয়র ফাওয়াজ ও কাউন্সিল সদস্য বালবেকি শহরের মানুষের পাশে থেকে তাঁদের সাহায্য করার জন্য সেখানে অবস্থান করার কথা জানিয়েছিলেন।
লেবাননের একটি সংবাদপত্র তাদের প্রতিনিধির বরাত দিয়ে জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে এই হামলা চালানো হয়।
তথ্যসূত্র: আল–জাজিরা
ছয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি সৌদি আরবের
সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, তারা বেশ কিছু ড্রোনও প্রতিহত করেছে। এর মধ্যে দুটি ড্রোন উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হাফার আল-বাতিনে শনাক্ত করা হয়।
তবে এসব ক্ষেপণাস্ত্র বা ড্রোন কোথা থেকে ছোড়া হয়েছে, সে বিষয়ে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে।
তথ্যসূত্র: বিবিসি
মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৩ হাজারেরও বেশি মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
মুখপাত্র টমি পিগট বলেন, নাগরিকদের ফিরিয়ে আনার উদ্দেশ্যে গঠিত একটি টাস্কফোর্সের মাধ্যমে পররাষ্ট্র দপ্তর ৩০ হাজার নাগরিককে ফিরে আসতে সহায়তা করেছে।
পররাষ্ট্র দপ্তর আরও জানায়, এই অঞ্চল থেকে আমেরিকানদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র দুই ডজনেরও বেশি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে। তবে এসব ফ্লাইটে গড়ে ৪০ শতাংশের কম যাত্রী ছিল। কারণ অনেক আমেরিকানই বাণিজ্যিক ফ্লাইটে ফিরতে পছন্দ করেছেন।
মধ্যপ্রাচ্য থেকে চার্টার্ড ফ্লাইট এবং স্থলপথে সরিয়ে নেওয়ার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। যেকোনো মার্কিন নাগরিক চাইলে এই সহায়তার জন্য আবেদন করতে পারেন বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।
তথ্যসূত্র: বিবিসি
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জাতিসংঘ মহাসচিবের ‘গভীর উদ্বেগ’ প্রকাশ
মধ্যপ্রাচ্যে ক্রমেই তীব্র হতে থাকা যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘ মহাসচিবের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা বর্তমান সামরিক উত্তেজনা নিয়ে আলোচনা করেছেন। এ সময় গুতেরেস সব পক্ষকে ‘আন্তর্জাতিক আইন পুরোপুরি মেনে চলা’ এবং ‘বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনায় যেকোনো ধরনের হামলা থেকে বিরত থাকার’ আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়, ‘তিনি (গুতেরেস) এই সংঘাত আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে পড়া এবং বিশ্ব অর্থনীতির ওপর এর প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান ইতিমধ্যে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। এতে উড়োজাহাজ চলাচল ব্যাহত হচ্ছে এবং জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
তেল আবিবের কাছে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবের কাছে আঘাত হেনেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ-এর বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য দিয়েছে।
এর আগে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ৩৭তম ধাপে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরুর ঘোষণা দেয় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের ১০টি ‘মাইন স্থাপনকারী’ নৌযান ধ্বংসের দাবি ট্রাম্পের
হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথে মাইন বসালে ইরানকে ‘নজিরবিহীন পরিণতির’ মুখোমুখি হতে হবে—এমন হুঁশিয়ারি দেওয়ার অল্প কিছু সময় পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বাহিনী ইরানের ১০টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করেছে।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লিখেছেন, ‘আমরা ১০টি মাইন স্থাপনকারী নৌযান ও জাহাজকে আঘাত করে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছি। সামনে আরও এমন পদক্ষেপ নেওয়া হবে।’
পরে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে। তাদের ভাষ্য মতে, ওই ভিডিওটিতে ইরানি নৌযানগুলোকে উড়িয়ে দেওয়ার দৃশ্য রয়েছে।
বাগদাদে মার্কিন দূতাবাসের ‘লজিস্টিক্যাল সাপোর্ট ক্যাম্পে’ ড্রোন হামলা
ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন দূতাবাসের একটি ‘লজিস্টিক্যাল সাপোর্ট ক্যাম্পে’ ড্রোন হামলা চালানো হয়েছে। আল–জাজিরা অ্যারাবিকের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গত কয়েক দিনে ইরাকের রাজধানীর এই এলাকায় বারবার হামলার ঘটনা ঘটেছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
হরমুজ প্রণালিতে মাইন না বসাতে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান হরমুজ প্রণালির জাহাজ চলাচল রুটে মাইন বসিয়েছে—এমন কোনো প্রমাণ নেই। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যদি তারা এমন কিছু করে থাকে, তবে তাদের ‘নজিরবিহীন’ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যদি ইরান হরমুজ প্রণালিতে কোনো মাইন স্থাপন করে থাকে—যদিও আমাদের কাছে তেমন কোনো রিপোর্ট নেই—তবে আমরা চাই সেগুলো অবিলম্বে সরিয়ে নেওয়া হোক!’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, ‘অন্যদিকে, যদি তারা ইতিমধ্যে স্থাপিত মাইনগুলো সরিয়ে নেয়, তবে তা সঠিক পথে একটি বিশাল পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে!’
তথ্যসূত্র: আল-জাজিরা
ইরান যুদ্ধে ১৫০ মার্কিন সেনা আহত
ইরানের সঙ্গে ১০ দিনের যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৫০ জন মার্কিন সেনা আহত হয়েছেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুজন রয়টার্সকে মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। এই যুদ্ধে ইতিমধ্যে আট মার্কিন সেনা নিহত হয়েছেন।
আহতের এই সংখ্যা আগে কখনো প্রকাশ হয়নি। রয়টার্সের এই প্রতিবেদন প্রকাশের আগে পেন্টাগন কেবল আটজন মার্কিন সেনার গুরুতর আহত হওয়ার খবর জানিয়েছিল।
রয়টার্সের প্রতিবেদনটি প্রকাশের পর মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে আহত সেনার সংখ্যা প্রায় ১৪০ জন বলে আনুমানিক ধারণা দিয়েছে। তবে তাঁদের অধিকাংশেরই আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে।



0 Comments