Ad Code

পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি, তবে...

পাকিস্তান ক্রিকেট দল
পাকিস্তান ক্রিকেট দলএএফপি

খবরটি বেশ আলোড়ন তুলেছিল। টি–টুয়েন্টি বিশ্বকাপে খারাপ খেলায় পাকিস্তানের ক্রিকেটারদের নাকি ৫০ লাখ রুপি করে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ নিয়ে সমালোচনামুখর হয়েছিলেন সাবেকেরাও। তবে এবার জানা গেল ভিন্ন খবর।

পিসিবি মুখপাত্র জানিয়েছেন, বিশ্বকাপ দলের খেলোয়াড়দের জরিমানার খবর ঠিক নয়। তবে খেলোয়াড়দের তাঁদের পারফরম্যান্সের জন্য আরও দায়বদ্ধ করার উপায় খুঁজছে পাকিস্তান বোর্ড।

সদ্য সমাপ্ত টি–টুয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বাদ পড়ে পাকিস্তান। এক্সপ্রেস ট্রিবিউনসহ দেশটির বেশ কিছু গণমাধ্যমের খবরে বলা হয়, বিশ্বকাপ দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। পিসিবি বলেছে, খেলোয়াড়েরা যদি ভালো পারফরম্যান্সের জন্য পুরস্কার পান, তবে খারাপ পারফরম্যান্সের জন্যও তাঁদের জরিমানা দিতে হবে। ১৫ ফেব্রুয়ারি ভারতের কাছে হারের পরপরই দলকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

এ খবর শুনে কড়া প্রতিক্রিয়া জানান পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি বলেন, ‘এটা সংকীর্ণ মানসিকতার প্রকাশ। ৫০ লাখ রুপি দিয়ে (বোর্ড) কী করবে! আমার মতে, এটা কোনো জরিমানাই নয়।’

তবে আজ শনিবার জরিমানার খবরটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পিসিবির মুখপাত্র আমির মীর। তবে খেলোয়াড়দের ওপর জরিমানা আরোপ করা না হলেও খারাপ পারফরম্যান্সের ক্ষেত্রে করণীয় নিয়ে ভাবা হচ্ছে বলে তিনি পিটিআইকে জানিয়েছেন, ‘কোনো খেলোয়াড়কে জরিমানা করা হয়নি। তবে হ্যাঁ, বোর্ড খেলোয়াড়দের জন্য একটি ফর্মুলা তৈরির কথা ভাবছে। কারণ, তারা ভালো পারফর্ম করলে উৎসাহ ভাতা দেওয়া হয়। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি এবং কোনো খেলোয়াড়কে জরিমানা করা হয়নি।’

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে, পিসিবির চুক্তিবদ্ধ একজন ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড় মাসে ৪৫ লাখ রুপি বেতনের পাশাপাশি আইসিসির রাজস্বের অংশ হিসেবে ২০ লাখ ৭০ হাজার রুপি পান। ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়েরা মাসিক ৩০ লাখ রুপির সঙ্গে আইসিসির অংশ হিসেবে পান ১৫ লাখ ৫২ হাজার ৫০০ রুপি।

এ ছাড়া ‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য মাসিক বেতন ১০ লাখ ও আইসিসির অংশ ১০ লাখ ৩৫ হাজার এবং ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য মাসিক বেতন ৭ লাখ ৫০ হাজার ও আইসিসির অংশ ৫ লাখ ১৭ হাজার ৫০০ রুপি।






Post a Comment

0 Comments

Close Menu