Ad Code

আইনি লড়াই, গ্যাংস্টার, কারগিল যুদ্ধ—নেটফ্লিক্সে কত কী থাকছে

 

নতুন বছরে নেটফ্লিক্সে আসছে নানা স্বাদের কনটেন্ট
নতুন বছরে নেটফ্লিক্সে আসছে নানা স্বাদের কনটেন্ট
কোলাজ

প্রতিবছরের মতো এবারও বৈচিত্র্য, তারকাবহুল উপস্থিতি ও উচ্চাকাঙ্ক্ষী গল্পের সম্ভার নিয়ে হাজির হচ্ছে নেটফ্লিক্স। ক্রাইম, ড্রামা, কমেডি, রোমান্স থেকে শুরু করে ইতিহাসনির্ভর পিরিয়ড ড্রামা—২০২৬ সালে ভারতীয় দর্শকের জন্য এক নতুন সিনেমা ও ওয়েব সিরিজের ঘোষণা দিয়েছে এই প্ল্যাটফর্ম।

গত মঙ্গলবার মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে নেটফ্লিক্স আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে ২০২৬ সালের ভারতীয় সিনেমা ও ওয়েব সিরিজের তালিকা। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড ও ওটিটি দুনিয়ার বহু তারকা। কপিল শর্মা, সুনীল গ্রোভার, সাইফ আলী খান, অনিল কাপুর, আর মাধবন, মাধুরী দীক্ষিত, তৃপ্তি ডিমরিসহ আরও অনেক তারকার উপস্থিতিতে সন্ধ্যাটি পরিণত হয় এক তারকাখচিত উৎসবে। একই সঙ্গে গণমাধ্যমের সামনে দেখানো হয় আসন্ন সিনেমা ও সিরিজগুলোর ঝলক।


এই আয়োজনে একে একে প্রকাশ করা হয় ২০২৬ সালে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলা উল্লেখযোগ্য ভারতীয় সিনেমা ও ওয়েব সিরিজগুলোর নাম, গল্পের ধরন এবং অভিনয়শিল্পীদের তালিকা। আইন আদালতের নাটক থেকে রাজনৈতিক থ্রিলার, করপোরেট দ্বন্দ্ব থেকে পারিবারিক কমেডি—সব মিলিয়ে নেটফ্লিক্সের আগামী বছরের কনটেন্ট-ভান্ডার যে বেশ বিস্তৃত ও বৈচিত্র্যময়, তা স্পষ্ট।


নতুন বছরে নেটফ্লিক্স আনছে নানা স্বাদের কনটেন্ট
নতুন বছরে নেটফ্লিক্স আনছে নানা স্বাদের কনটেন্টকোলাজ

‘ইক্কা’
নেটফ্লিক্সের সিনেমা ‘ইক্কা’ দিয়ে প্রথমবারের মতো ওটিটিতে পা রাখতে চলেছেন সানি দেওল। আইনি নাট্যধর্মী এই ছবিতে তাঁর মুখোমুখি দেখা যাবে অক্ষয় খান্নাকে। ছবিতে সানি অভিনয় করছেন একজন সৎ ও স্বনামধন্য আইনজীবীর ভূমিকায়। গল্প আবর্তিত হয়েছে দুই প্রতিদ্বন্দ্বী আইনজীবীকে ঘিরে, যেখানে একজনকে বাধ্য হয়ে সেই ব্যক্তির পক্ষ নিতে হয়, যার সঙ্গে তাঁর ও তাঁর স্ত্রীর অতীত জড়িয়ে আছে তীব্র যন্ত্রণার স্মৃতি। পরিবারকে রক্ষা করতে গিয়ে এক বাবা কীভাবে নিজের নীতিবোধের সঙ্গে আপস করেন, সেটিই ছবির মূল বিষয়। ছবিটির সহপ্রযোজনা ও পরিচালনা করেছেন সিদ্ধার্থ পি মালহোত্রা। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তিলোত্তমা শোম ও দিয়া মির্জা।


‘ঘুষখোর পণ্ডিত’
এই ছবিতে মনোজ বাজপেয়ী ফিরছেন এক দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তার ভূমিকায়। একটি অপ্রত্যাশিত ঘটনার পর তাঁর সাজানো সব পরিকল্পনা ভেস্তে যায় এবং তিনি জড়িয়ে পড়েন এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের জালে। দিল্লির এক রাতকে কেন্দ্র করে আবর্তিত এই থ্রিলার পরিচালনা করেছেন রিতেশ শাহ। প্রযোজক নীরজ পান্ডে। মনোজ বাজপেয়ীর সঙ্গে অভিনয় করেছেন নুসরাত ভারুচা, সাকিব সেলিম, অক্ষয় ওবেরয় ও দিব্যা দত্ত।


সিনেমা ‘ইক্কা’ দিয়ে প্রথমবারের মতো ওটিটিতে পা রাখতে চলেছেন সানি দেওল
সিনেমা ‘ইক্কা’ দিয়ে প্রথমবারের মতো ওটিটিতে পা রাখতে চলেছেন সানি দেওল
ছবি: ইনস্টাগ্রাম থেকে

‘মা বহেন’
ডার্ক কমেডি ঘরানার এই ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে মাধুরী দীক্ষিতকে। ‘মা বহেন’-এ তিনি রেখা নামের এক নারীর ভূমিকায় অভিনয় করছেন। তাঁর সঙ্গে আছেন তৃপ্তি ডিমরি, যিনি অভিনয় করছেন তাঁর মেয়ের চরিত্রে। রান্নাঘরে একটি মৃতদেহ খুঁজে পাওয়ার পর শুরু হয় নানা বিপত্তি। ছবিটি পরিচালনা করেছেন সুরেশ ত্রিবেণী। অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রবি কিষান।

‘হাম হিন্দুস্তানি’
সাইফ আলী খান ও প্রতীক গান্ধী অভিনীত এই পিরিয়ড ড্রামাটি নির্মিত হয়েছে নব্য স্বাধীন ভারতের বাস্তব ঘটনার অনুপ্রেরণায়। ছবিতে দেখানো হবে, কীভাবে সরকারি কর্মকর্তাদের একটি দল নানা বাধা ও প্রতিরোধের মধ্য দিয়ে দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচন সফলভাবে সম্পন্ন করেছিল। পরিচালনা করেছেন রাহুল ঢোলাকিয়া। অন্যান্য অভিনয়শিল্পীর মধ্যে আছেন দীপক দোব্রিয়াল, মিমি চক্রবর্তী ও সারিকা।


‘হাম হিন্দুস্তানি’–তে সাইফ আলী খান
‘হাম হিন্দুস্তানি’–তে সাইফ আলী খান
নেটফ্লিক্স

‘ফ্যামিলি বিজনেস’
হংসাল মেহতা পরিচালিত এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন অনিল কাপুর ও বিজয় ভার্মা। করপোরেট দুনিয়ার ক্ষমতার লড়াই, উত্তরাধিকার–সংকট ও বিশ্বাসঘাতকতার গল্প উঠে আসবে এই সিরিজে। অনিল কাপুর এখানে এক প্রভাবশালী শিল্পপতির ভূমিকায়।


‘লিগ্যাসি’
রাজনৈতিক থ্রিলার ঘরানার এই সিরিজে আর মাধবন অভিনয় করছেন এক প্রবীণ গ্যাংস্টারের চরিত্রে। নিজের সাম্রাজ্য ও উত্তরাধিকার রক্ষার লড়াইই গল্পের মূল উপজীব্য। সিরিজটি পরিচালনা করেছেন চারুকেশ শেখর। এতে আরও আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিমিষা সাজয়ন ও গুলশন দেবাইয়া।

‘মুসাফির ক্যাফে’
দিব্যা প্রকাশ দুবের উপন্যাস অবলম্বনে নির্মিত এই রোমান্টিক সিরিজে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি, বেদিকা পিন্টো ও মহিমা মকওয়ানা। তিন অচেনা মানুষের জীবনের অপ্রত্যাশিত সংযোগ আর ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্কের গল্প বলবে এই সিরিজ।


অপারেশন সাফেদ সাগর’
কারগিল যুদ্ধের সময় পরিচালিত ভারতের সবচেয়ে উচ্চতায় বিমান অভিযানের গল্প নিয়ে নির্মিত এই সিরিজ। দেশপ্রেম, সাহসিকতা ও অজানা বহু ঘটনার তুলে ধরা হবে এতে। পরিচালনায় ওনি সেন। অভিনয় করেছেন সিদ্ধার্থ, জিমি শেরগিল ও অভয় ভার্মা।


‘চুম্বক’

হালকা মেজাজের এই সিটকমে দেখানো হয়েছে পাঁচ প্রতিবেশী পরিবারের গল্প, যারা সময়ের সঙ্গে একে অপরের বিকল্প পরিবারে পরিণত হয়। অভিনয় করেছেন নীনা গুপ্তা, দেবেন ভোজানি, সুমীত ব্যাসসহ আরও অনেকে।

‘মিসম্যাচড ৪’

জনপ্রিয় সিরিজ ‘মিসম্যাচড’-এর চতুর্থ ও শেষ সিজন আসছে ২০২৬ সালে। ডিম্পল ও ঋষির সম্পর্কের চূড়ান্ত পরিণতি দেখা যাবে এই সিজনে। রোহিত সারাফ ও প্রাজক্তা কোলির রসায়ন আবারও দর্শকের মন ছুঁয়ে যাবে বলে আশা।

‘লাস্ট স্টোরিজ ৩’

অ্যান্থোলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ’ ফিরছে তৃতীয় অধ্যায় নিয়ে। পরিচালনায় আছেন বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শকুন বত্রা ও বিশাল ভরদ্বাজ। প্রেম, কামনা ও সম্পর্কের নানা দিক উঠে আসবে চারটি আলাদা গল্পে।


‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো ৫’

চারটি সফল সিজনের পর ২০২৬ সালে ফিরছে এই জনপ্রিয় কমেডি শোর পঞ্চম সিজন। কপিল শর্মার সঙ্গে আবারও দেখা যাবে সুনীল গ্রোভার ও কিকু শারদাকে।

সব মিলিয়ে ২০২৬ সালে নেটফ্লিক্সে ভারতীয় দর্শকের জন্য অপেক্ষা করছে গল্পের বৈচিত্র্য, তারকার নতুন রূপ আর বড় বাজেটের বিনোদন। অনলাইন দর্শকের জন্য এটি হতে যাচ্ছে কনটেন্টে ভরপুর এক বছর।





বিনোদন থেকে আরও পড়ুন



Post a Comment

0 Comments

Close Menu