ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোতোয়ালি থানার লোকপ্রশাসন কেন্দ্রে এসে তিনি ভোট দেন।
ভোট দেওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তামিম ইকবাল। এক প্রশ্নের জবাবে তিনি প্রথম আলোকে বলেন, ‘জীবনের প্রথম ভোট দিচ্ছি। খুবই এক্সাইটেড।’ এক প্রশ্নের জবাবে তামিম ইকবাল জানান, তাঁর পরিবারের সবাই ভোট দিতে গেছেন।
তামিম ইকবাল যে কেন্দ্রে ভোট দিয়েছেন, এটি চট্টগ্রাম-৯ আসনভুক্ত। নগরের কোতোয়ালি ও বাকলিয়া থানা নিয়ে এ আসন গঠন করা হয়েছে। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন। এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা রয়েছে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান ও ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এ কে এম ফজলুল হকের মধ্যে। আসনের অন্য প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুস শুক্কুর, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ, বাসদের (মার্ক্সবাদী) মো. শফি উদ্দিন কবির, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ নঈম উদ্দীন, নাগরিক ঐক্যের মো. নুরুল আবছার মজুমদার, জনতার দলের মো. হায়দার আলী চৌধুরী ও জেএসডির আবদুল মোমেন চৌধুরী।
0 Comments