Ad Code

#

বরিশালে তারেক রহমানের জনসভা আজ, সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতা–কর্মীরা

 

বরিশাল নগরের বান্দ রোডের বেলস পার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান
বরিশাল নগরের বান্দ রোডের বেলস পার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান

নির্বাচনী প্রচারণায় আজ বুধবার বরিশাল আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ দুই যুগ পর দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে ভোর থেকেই এই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতা-কর্মীরা নগরের বান্দ রোডের বেলস পার্কের সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।

দুপুর ১২টায় ঐতিহাসিক এই মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও এর জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।


সমাবেশকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাত থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজলা থেকে দলীয় নেতা-কর্মীরা বরিশাল পৌঁছান। বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (রনি) বলেন, বরগুনা থেকে অনেক নেতা-কর্মী রাতেই বরিশালে এসেছেন। আজ ভোরে আরও অনেক নেতা-কর্মী সমাবেশে যোগ দেওয়ার জন্য রওনা হয়েছেন।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন থেকে আজ খুব ভোরে সমাবেশে এসেছেন নাসিমা বেগম ও কাকলী আক্তার নামে মহিলা দলের দুই কর্মী। তাঁরা গতকাল রাতেই বরিশালে এসে এক আত্মীয়ের বাসায় উঠেছিলেন। নাসিমা বেগম বলেন, ‘ভোরে ফজরের নামাজ পড়ে মাঠে এসেছি। আমাদের ব্যক্তিগত চাওয়া নেই, শুধু চাই দেশটা সুন্দর হোক।’


বরিশালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন বিএনপির নেতা–কর্মীরা। আজ বুধবার সকালে নগরের জিলা স্কুল মোড়ে
বরিশালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন বিএনপির নেতা–কর্মীরা। আজ বুধবার সকালে নগরের জিলা স্কুল মোড়েছবি : সাইয়ান

আজ সকালে গিয়ে দেখা যায়, জনসভার জন্য মাঠ ও মঞ্চ পুরোপুরি প্রস্তুত। পূর্ব পাশে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। নারী নেতা-কর্মীদের বসার জন্য বাঁশ দিয়ে আলাদা জায়গা করে দেওয়া হয়েছে। পুরো শহর ও সমাবেশস্থল ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুন আর তোরণে।

সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত  খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর সেই একই মাঠে এবার দলটির পরবর্তী প্রজন্মের কাণ্ডারি তারেক রহমানের আগমনে দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে। তারেক রহমান সর্বশেষ বরিশাল সফর করেছিলেন ২০০৬ সালের ১৪ মে।

বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে বিএনপি দুটি আসন মিত্রদের ছেড়ে দিয়েছে। এর মধ্যে পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর ও ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান (পার্থ)। ১৯টি আসনে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।


দলীয় কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বরিশালের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। দুপুর ১২টায় সমাবেশে যোগ দেবেন। বেলা ১টার দিকে তিনি ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, ‘বাংলাদেশের মানুষের আশা-ভরসার প্রতীক তারেক রহমান। বরিশালের মানুষ তাঁর জন্য অপেক্ষা করছে। তারেক রহমানকে একনজর দেখার জন্য, সভাস্থল জনসমুদ্রে পরিণত হবে। এই সমাবেশের মধ্য দিয়ে আগামীর দক্ষিণাঞ্চল উন্নয়নের জন্য যাঁদের মনোনয়ন দিয়েছেন তাঁদের জন্য তিনি বার্তা দেবেন।’





বাংলাদেশ থেকে আরও পড়ুন


Post a Comment

0 Comments

Close Menu