গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষে কয়েকজন আহত হন এবং কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী এলাকার সাতাইশে সরকারি খাসজমিতে বিএনপির কয়েকজন নেতা-কর্মী একটি দলীয় কার্যালয় স্থাপন করেন। সেখান থেকেই তাঁরা সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতেন।
অভিযোগ আছে, গতকাল গভীর রাতে টঙ্গী পশ্চিম থানা এলাকার বেলাল লস্কর ও তাঁর সমর্থকেরা ওই কার্যালয়ে হামলা চালান। এ সময় মোজাম্মেল লসকর গ্রুপের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল লসকরসহ কয়েকজন আহত হন। হামলাকারীরা কার্যালয়ের আসবাব ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়েছে।
মোজাম্মেল লসকর দাবি করেন, এলাকায় আগে কোনো বিএনপির কার্যালয় ছিল না। তিনি ও তাঁর সহযোগীরা সেটি প্রতিষ্ঠা করেন। নির্বাচনের পর প্রতিপক্ষ গ্রুপ রাতের আঁধারে হামলা চালিয়ে তাঁকে মারধর করে এবং কার্যালয়ে ভাঙচুর চালায়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান বলেন, বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। একটি পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 Comments